সম্প্রতি বাজারে আসা আইফোন ১৩ নিয়ে নিজের মতামত জানিয়েছেন অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিভ ওজনিয়াক। গত কয়েক বছরে উন্মোচন হওয়া আইফোনগুলোর চেয়ে আইফোন ১৩তে ফারাক দেখছেন না এ প্রযুক্তিবিদ। খবর ইয়াহু নিউজ।
সম্প্রতি ওজনিয়াক এক মন্তব্যে জানান, আমার হাতে নতুন আইফোন এসেছে। কোনো পার্থক্য আসলে খুঁজে পেলাম না। আইফোন ১৩তে যে সফটওয়্যার ব্যবহার হয়েছে তা আগের আইফোনগুলোর জন্যও প্রযোজ্য।
উন্মোচিত হওয়ার পর আইফোন ১৩ নিয়ে মিশ্র মতামত পাওয়া গেছে। অল্প কিছু ইতিবাচক মন্তব্য পাওয়া গেলেও অনেক ব্যবহারকারী ওজনিয়াকের সঙ্গে একমত পোষণ করছেন।
সমালোচকরা বলছেন, আইফোন ১৩তে পুরনো অনেক ডিজাইন ও ফিচার রয়ে গেছে। কারো হাতে আইফোন ১২ থাকলে আইফোন ১৩তে তেমন কোনো পার্থক্য দেখতে পারবে না। এদিকে ফোন এরিনার এক প্রতিবেদনে বলা হয়, অ্যাপল ওয়াচ সিরিজ ৭ অনেকটা সিরিজ ৬ মডেলের মতোই। একই সিপিইউ থেকে ডিসপ্লে নাগাদ দুটো স্মার্টওয়াচই দেখতে একই রকমের।
অ্যাপল পণ্যে কী উন্নতি আনা যায় এ নিয়ে তেমন মন্তব্য করেননি ওজনিয়াক। তবে অ্যাপলের প্রাইভেসি পলিসির প্রশংসা করেছেন বিশ্বসেরা এ কম্পিউটার ইঞ্জিনিয়ার।










