নতুন প্রজন্মের তিনটি ওয়্যারেবল ডিভাইস উন্মোচন করেছে গুগল মালিকানাধীন ব্র্যান্ড ফিটবিট। মডেলগুলো হলো ইনস্পায়ার ৩, ভার্সা ৪ ও সেন্স ২। এসব ডিভাইসে বেশকিছু উন্নত ফিচার রয়েছে। খবর আইএএনএস।
প্রতিষ্ঠানটি জানায়, ইনস্পায়ার ৩ ডিভাইসটি ব্যবহার বেশ সুবিধাজনক। ১০ দিনের ব্যাটারি ব্যাকআপ সংবলিত ডিভাইসটিতে ব্যবহারকারীরা স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন ফিচার ব্যবহার করতে পারবে। এন্ট্রি লেভেল মূল্যের দিক থেকে ডিভাইসটিতে রঙিন ডিসপ্লে রয়েছে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির প্রডাক্ট ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক, টিজে ভার্গিস বলেন, ব্যবহারকারীদের তাদের স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সরবরাহের মাধ্যমে সুস্থতা প্রদানে সহায়তার অংশ হিসেবে আমাদের নতুন ওয়্যারেবল ডিভাইসগুলো প্রথম পর্যায়ের উদ্যোগের অংশ। ফিটবিট অ্যাপের মাধ্যমে একজন ব্যবহারকারী সাপ্তাহিক কিংবা আরো বেশি সময়ের জন্য তাদের সার্বিক কার্যক্রম, ঘুমের সময় ও বিষণ্নতার বিষয়টি পর্যবেক্ষণ করতে পারবে।
ভার্গিস আরো বলেন, এছাড়া ব্যবহারকারীরা তাদের পানি পানের তথ্য, পিরিয়ডের তথ্য, এমনকি শরীরে পর্যাপ্ত ভিটামিন ও শর্করার সরবরাহ সংক্রান্ত তথ্য এক জায়গায় সংরক্ষণ করতে পারবে। সব তথ্য এক জায়গায় দেখার মাধ্যমে ব্যবহারকারী নিজের শরীরের জন্য বা সুস্থতার জন্য কী পদক্ষেপ নেয়া প্রয়োজন সে বিষয়ে ব্যবস্থা নিতে পারবে।
ভার্সা ৪ ওয়্যারেবল ডিভাইসে ৪০টির বেশি এক্সারসাইজ মোড, রিয়েল টাইম তথ্য, বিল্ট ইন জিপিএসসহ প্রতিদিনের লক্ষ্য পূরণে ব্যবহারকারীর প্রয়োজনীয় সব ফিচার রয়েছে। প্রতিষ্ঠানটির দাবি সেন্স ২ তাদের সর্বাধুনিক স্বাস্থ্য সুবিধানির্ভর স্মার্টওয়াচ। এতে ছয়দিনের বেশি ব্যাটারি ব্যাকআপের পাশাপাশি ব্যবহারকারীর হার্টের সুস্থতা পরিমাপে সেন্সর রয়েছে। ইসিজি অ্যাপ ও পিপিজি অ্যালগরিদমের মাধ্যমে সহজেই হার্টের রোগ শনাক্ত করা যাবে।










