ফেসবুক ও ইনস্টাগ্রামে এখন থেকে ব্যবহারকারীরা তাদের নন-ফানজিবল টোকেন (এনএফটি) শেয়ার করতে পারবে। সম্প্রতি ডিজিটাল অ্যাসেট শেয়ারের এ তথ্য নিশ্চিত করেছে মেটা। এর মাধ্যমে ব্যবহারকারীরা ইথারিয়াম, পলিগন এবং ফ্লোতে তৈরি ডিজিটাল পোস্ট করতে রেইনবো, মেটামাস্ক, ট্রাস্ট ওয়ালেট, কয়েনবেস ওয়ালেট ও ড্যাপার ওয়ালেট সংযোগ করতে পারবে বলে ঘোষণা দিয়েছে কোম্পানিটি।
টেকক্রাঞ্চ প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে শুধু যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীরা উভয় প্লাটফর্মে এনএফটি ক্রসপোস্ট করতে পারবে। টুইটার ও রেডিটের মতো প্লাটফর্ম যেখানে এনএফটি-ভিত্তিক অ্যাভাটার চালু করেছে সেখানে মেটা পোস্টের মাধ্যমে এনএফটি শেয়ার করছে। একটি ব্লগপোস্টে বলা হয়, গত মে মাস থেকে এনএফটি চালুর পরীক্ষা চালিয়ে আসছিল মেটা। চলতি বছরের প্রথম দিকে মেটার প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ জানান, ইনস্টাগ্রাম স্টোরিজের মাধ্যমে এনএফটি প্রদর্শনের কাজ করবে মেটা। অনেক আর্টিস্ট তাদের ইনস্টাগ্রামে মেটার অনুমোদনের আগে থেকেই এনএফটি প্রদর্শন ও শেয়ার করে আসছিল। ক্রিয়েটর সাপোর্টের মাধ্যমে কোম্পানিটি দীর্ঘমেয়াদে লাভের চেষ্টা করছে।










