বৈশ্বিক সেলুলার নেটওয়ার্ক বাজারে কয়েক বছর ধরে নিজের অবস্থান আরো বিস্তৃত করার চেষ্টা করছে স্যামসাং নেটওয়ার্ক। এরই মধ্যে অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, দক্ষিণ কোরিয়া, যুক্তরাষ্ট্র এবং বেশকিছু ইউরোপীয় দেশে ফাইভজি চালু করার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি পাঠিয়ে দিয়েছে স্যামসাং। এখন ভারতে রিলায়েন্স জিওর সঙ্গে সহযোগী হয়ে নিজেদের বিস্তার আরো বাড়ানোর প্রচেষ্টায় রয়েছে প্রতিষ্ঠানটি। খবর স্যামমোবাইল।
২০২২ সালে রিলায়েন্স জিওর বার্ষিক সাধারণ সভায় (এজিএম) মুকেশ আম্বানি জানান, এ নেটওয়ার্ক অপারেটরটি স্যামসাংয়ের সহযোগী হচ্ছে। অন্যান্য নেটওয়ার্ক ব্র্যান্ডের পাশাপাশি তারা একসঙ্গে মিলে ভারতে ফাইভজি কার্যক্রম চলমান রাখবে। তবে স্যামসাংয়ের কোন পণ্যটি জিও নিজেদের ফাইভজি নেটওয়ার্কে ব্যবহার করছে তা জানা যায়নি। সেটা রেডিও, কোর অথবা ফাইভজি হতে পারে।
একইভাবে ভারতের সবচেয়ে শীর্ষস্থানীয় নেটওয়ার্ক অপারেটরটি এর আগে সিসকো, এরিকসন ও নকিয়ার সঙ্গে অংশীদারত্বে গিয়েছে। নিজেদের ফাইভজি নেটওয়ার্ক উন্নত করার জন্য কোয়ালকমের সঙ্গেও কাজ করছে জিও। পাশাপাশি গুগলের সঙ্গে মিলে চেষ্টা করছে দেশে অতিসাশ্রয়ী মূল্যের ফাইভজি স্মার্টফোন নিয়ে আসার।
প্রাথমিকভাবে আগামী অক্টোবরের মধ্যে ভারতের চারটি শহর চেন্নাই, দিল্লি, কলকাতা ও মুম্বাইতে এসএ ফাইভজি নেটওয়ার্ক চালু করার পরিকল্পনা করছে রিলায়েন্স জিও।










