রাশিয়ার প্রযুক্তি কোম্পানি ভিকের তৈরি বিভিন্ন অ্যাপ্লিকেশন অ্যাপ স্টোরে ফিরিয়ে এনেছে অ্যাপল। এর মধ্যে আছে দেশটিতে প্রচলিত সোশ্যাল সাইট ভিকন্ট্যাক্টে। কোম্পানির মালিকানার সিংহভাগে নিষেধাজ্ঞা আরোপ করা কোনো ব্যক্তি বা কোম্পানির কর্তৃত্ব নেই—এমন তথ্যপ্রমাণ উপস্থাপনের পরই কেবল অ্যাপ স্টোরে ভিকের এসব অ্যাপ ফিরেছে।
প্রযুক্তিবিষয়ক সাইট ভার্জের প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে কোম্পানিটির বিভিন্ন মালিক প্রতিষ্ঠানের ওপর যুক্তরাজ্য নিষেধাজ্ঞা দেয়ার পর পরই অ্যাপ স্টোর থেকে সামাজিক নেটওয়ার্ক ভিকন্ট্যাক্টে, ই-মেইল অ্যাপ মেইল ডট আরইউসহ ভিকে মালিকানাধীন অন্যান্য অ্যাপ সরিয়ে দিয়েছিল অ্যাপল।
অ্যাপল মুখপাত্র পিটার আজেমিয়ান এক বিবৃতিতে জানান, আইনি বাধ্যবাধকতা থাকার কারণেই অ্যাপ স্টোর থেকে এ নির্মাতার তৈরি বিভিন্ন অ্যাপ সরিয়ে ফেলতে হয়েছিল। এগুলো যে যুক্তরাজ্যের নিষেধাজ্ঞার আওতায় পড়ে না, তার স্বপক্ষে প্রয়োজনীয় প্রমাণ দাখিলের জন্য একাধিকবার অনুরোধও করা হয়েছে তাদের।
রাশিয়ায় ফেসবুকের মতো জনপ্রিয় প্লাটফর্ম হিসেবে পরিচিত ভিকন্ট্যাক্টে। গত বছর রাশিয়া অ্যাপলকে বাধ্য করে যেন অ্যাপ স্টোরে কিছু অ্যাপ সংযুক্ত করে দেয়। এর মধ্যে ছিল ভিকন্ট্যাক্টে ও মেইল ডট আরইউর মতো অ্যাপ। গত ফেব্রুয়ারিতে ইউক্রেনে আগ্রাসনের জেরে রাশিয়ায় নিজস্ব পণ্য বিক্রি বন্ধ করেছিল অ্যাপল। এমনকি বিভিন্ন রুশ ব্যাংকে নিষেধাজ্ঞার জেরে অ্যাপল পে ব্যবহার করতে পারছিলেন না রুশ গ্রাহকরা।










