ভারতের বাজারে স্মার্টফোন কেনাকাটায় অফলাইন চ্যানেলকে ছাড়িয়ে গেছে অনলাইন। চলতি বছরে মোট বিক্রি হওয়া স্মার্টফোনের ৫৩ শতাংশই হয়েছে অনলাইন প্লাটফর্মে। গত বছর এ হার ছিল ৪৭ শতাংশ। বাজার বিশ্লেষক প্রতিষ্ঠান কাউন্টারপয়েন্ট রিসার্চের মার্কেট লেনস ভোক্তা জরিপে এ তথ্য উঠে এসেছে। খবর দ্য হিন্দু।
মার্কেট লেনস জরিপে দেখা গেছে, ভারতীয় ভোক্তারা এখন বেশি দামের ফোনও অনলাইনে ক্রয় করছেন। জরিপে অংশ নেয়া ১৫ শতাংশ গ্রাহক বলছেন, তারা চলতি বছরে অনলাইনে ৩০ হাজার রুপি কিংবা তার চেয়ে বেশি দামের স্মার্টফোন কিনেছেন। ২০২০-এ তার হার ছিল ৭ শতাংশ।
মহামারীর কারণে চলাচলে বিধিনিষেধ থাকায় অনেক অফলাইন গ্রাহক অনলাইনে স্মার্টফোন কিনেছেন বলে প্রতিবেদনে বলা হয়। কাউন্টারপয়েন্ট রিসার্চের এক বিশ্লেষক আরুশি চাওলা একটি ব্লগ পোস্টে বলেন, বড় শহরগুলো থেকে অনেকে ছোট শহর ও মফস্বলে যাওয়ায় সেখানেও অনলাইন চ্যানেলগুলো জনপ্রিয় হয়েছে। যারা আগে থেকেই অনলাইনে কেনাকাটায় অভ্যস্ত তারা এ সময়ে তা আরো বাড়িয়েছেন। মহামারী ছাড়াও অফলাইনের চেয়ে অনলাইনে কেনাকাটার আরো কারণ রয়েছে। জরিপে অংশগ্রহণকারীরা যেসব কারণ সামনে নিয়ে এসেছেন, তার মধ্যে রয়েছে অনলাইনে বিশেষ অফার, চয়েসের বৈচিত্র্য এবং দাম এখানে ভূমিকা রেখেছে। চাওলা বলেন, আমরা এটাকে অনলাইন ডিজিটালাইজেশনে রূপান্তর বলতে পারি। কোনো স্মার্টফোন ক্রয়ে ভোক্তারা এখন ইউটিউবার ও ইনফ্লুয়েন্সারদের ওপর নির্ভর করছেন।
জরিপে দেখা গেছে, আগে যেখানে কোনো স্মার্টফোন ক্রয়ে আত্মীয়স্বজন ও আশপাশের বন্ধুবান্ধবদের ওপর নির্ভর করতেন, সেখানে ইউটিউবের প্রযুক্তি ইনফ্লুয়েন্সার, অনলাইন রিভিউ, বিভিন্ন প্রবন্ধ ও কমপ্যারিজন ওয়েবসাইটের ওপর নির্ভর করছেন।
২০২০ ও ২০২১ সালে ভারতের বিভিন্ন প্রান্তের ব্যবহারকারীদের ওপর জরিপ পরিচালনা করেছে দ্য মার্কেট লেন্স। ২০২০ সালে ১ হাজার ২৩ এবং ২০২১-এ ৯৭৬ জন স্মার্টফোন ব্যবহারকারীর ওপর জরিপটি পরিচালিত হয়েছে।










