নরওয়ের টেলিকম প্রতিষ্ঠানগুলোর বৈশ্বিক কার্যক্রম আরো প্রযুক্তিবান্ধব ও আধুনিক করতে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগলের সঙ্গে নতুন চুক্তি করেছে নরওয়ের বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান টেলিনর। পাশাপাশি প্রতিষ্ঠান দুটি গ্রাহকদের আরো উন্নত সেবা প্রদানে কাজ করবে। খবর রয়টার্স।

বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাত্কারে প্রতিষ্ঠানগুলোর প্রধান নির্বাহীরা জানান, গুগলের ক্লাউড সার্ভিস ব্যবহারের মাধ্যমে শুধু যে টেলিনরের তথ্যপ্রযুক্তি ও নেটওয়ার্কের উন্নয়ন করা হবে এমন না। পাশাপাশি টেলিনরের গ্রাহকদের ডিজিটাল টুলস ব্যবহারের সুবিধাও দেয়া হবে।

অসলোভিত্তিক টেলিনরের বিশ্বব্যাপী গ্রাহক সংখ্যা ১৭ কোটি ২০ লাখ। তাদের মোট আয়ের প্রায় অর্ধেক আসছে এশিয়া থেকে এবং বাকি অর্ধেক নরডিক অঞ্চল থেকে।

টেলিনরের প্রধান নির্বাহী কর্মকর্তা সিগভে ব্রেককে বলেন, ডিজিটালাইজেশনের এ প্রকল্প টেলিনরের জন্য একটি বড় রূপান্তর। পাশাপাশি এটি প্রতিষ্ঠানটির আয়ের মাধ্যম খুঁজে পাওয়ার উচ্চাকাঙ্ক্ষার একটি অংশ।

তিনি বলেন, আমি মনে করি, টেলকোর ভবিষ্যৎ হচ্ছে সংযোগ ব্যবস্থার বাইরে চিন্তা করা এবং গ্রাহকদের সঙ্গে সম্পর্ক স্থাপনে শীর্ষ অবস্থান তৈরি করা।

সিগভে ব্রেককে আরো বলেন, বর্তমানে নেটওয়ার্ক ব্যবস্থা অনেকাংশেই সফটওয়্যার-কেন্দ্রিক হয়ে উঠছে। এ কারণে টেলিনরকে ক্লাউডভিত্তিক ব্যবসা তৈরি করতে হবে। গুগলের ডাটা ম্যানেজমেন্ট জ্ঞান, মেশিন লার্নিং ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবসার বিস্তারে সহায়ক।

গুগল ক্লাউডের প্রধান নির্বাহী কর্মকর্তা থমাস কুরিয়ান বলেন, টেলিনরের মতো বড় টেলিযোগাযোগ প্রতিষ্ঠানের কার্যক্রম ডিজিটালাইজ করা এবং যৌথভাবে গ্রাহকদের সেবা প্রদানের অঙ্গীকার গুগল ক্লাউডের জন্য একেবারেই নতুন।

তিনি বলেন, এটি শুধু ডাটা সেন্টারগুলোকে অপটিমাইজ করা ও ক্লাউডে রূপান্তর করাই নয়। এসএমইর সঙ্গে যে কাজ করা হচ্ছে, সেখানে আমরা শুধু প্রযুক্তি সরবরাহকারী নই, পাশাপাশি আমরা গ্রাহক পর্যায়ে আলাদা সেবার ক্ষেত্র তৈরি করছি।