চীনে ভিডিও গেম ডিস্ট্রিবিউশন সার্ভিস স্টিমের গ্লোবাল ভার্সন নিষিদ্ধ করা হয়েছে। দেশটিতে স্টিমের চাইনিজ ভার্সনে লগ ইন করা যাচ্ছে। যেখানে মাত্র ১০৩টি গেমস রয়েছে।

দ্য গেমারের প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে। খবর দ্য ভার্জ। ফোর্টনাইটের অন্যতম তথ্য ফাঁসকারী ও ডাটা মাইনার রিকি ওয়েনসের চোখে প্রথম নিষিদ্ধের বিষয়টি আসে। এরপর চীনে অবরুদ্ধ ওয়েবসাইটগুলোর মধ্যে স্টিমের গ্লোবাল ভার্সন আছে জানিয়ে একটি স্ক্রিনশট টুইট করেন। তিনি জানান, আমরা কমপারিটেকস টুল ব্যবহার করে চীনে স্টিমের ওয়েবসাইটটি ব্লক করা হয়েছে কিনা সেটি যাচাই করা হয়েছে। স্টিমের গ্লোবাল ওয়েবসাইটে প্রবেশের চেষ্টা করা হলে টুলটি জানায়, পুরো চীনে সাইটে প্রবেশাধিকার বন্ধ করে দেয়া হয়েছে। তবে চাইনিজ ভার্সনটি চালু আছে বলে জানায় টুলটি।

চলতি বছরের শুরুতে স্টিমের চাইনিজ ভার্সন চালু করা হয়। নিষেধাজ্ঞার ফলে চীনের গেমাররা এখন শুধু দেশীয় সাইটেই প্রবেশ করতে পারছেন। গ্লোবাল ভার্সনে ১ লাখ ১০ হাজারেরও বেশি গেম সমৃদ্ধ লাইব্রেরি রয়েছে। যেখানে চীনা ভার্সনে কাউন্টার স্ট্রাইক: গ্লোবাল অফেনসিভ ও ডোটা ২ রয়েছে। এ ভার্সনে কমিউনিটি ফিচার, স্টিম ওয়ার্কশপ, কমিউনিটি মার্কেট, ডিসকাশন ফোরাম, অ্যাক্টিভিটি সেকশনসহ অনেক ফিচারই নেই।