যুক্তরাষ্ট্রের বহুজাতিক প্রযুক্তিপ্রতিষ্ঠান ওরাকলের বিরুদ্ধে ব্যক্তিগত তথ্য ও পরিচয় বিক্রি করে দেয়ার অভিযোগ উঠেছে। লাখো মানুষের ব্যক্তিগত তথ্য তৃতীয় পক্ষের কাছে বিক্রির অভিযোগে বেশ কঠিন মামলার মুখোমুখি হয়েছে প্রতিষ্ঠানটি। খবর টেকরাডার।

মামলার তথ্য অনুযায়ী, ওরাকল একটি নেটওয়ার্ক তৈরি করেছে, যেখানে কয়েক লাখ মানুষের ব্যক্তিগত তথ্য সন্নিবেশ করা হয়েছে। এ তথ্যগুলো বিক্রি করে বছরে অন্তত ৪ হাজার কোটি ডলার আয়ও করছে প্রতিষ্ঠানটি। এসব ব্যক্তিগত তথ্যের মধ্যে নাম, চিঠি পাঠানোর ঠিকানা, ই-মেইল, বিভিন্ন পণ্য কেনার তথ্য, অবস্থান সংক্রান্ত তথ্য, রাজনৈতিক মতাদর্শ ও অনলাইন কার্যক্রমের বিস্তারিত বৃত্তান্ত রয়েছে।

তথ্য বিক্রির মাধ্যমে ওরাকল যুক্তরাষ্ট্রের ফেডারেল ইলেকট্রনিক কমিউনিকেশনস প্রাইভেসি অ্যাক্টসহ বেশকিছু আইন ভঙ্গ করেছে বলে মামলায় উল্লেখ করা হয়েছে। মামলাটির মূল ভিত্তি হলো আট বছরের পুরনো একটি ভিডিও, যেখানে ওরাকলের প্রতিষ্ঠাতা ল্যারি এলিসন বলছেন, কীভাবে সংগৃহীত তথ্য ব্যবহার করে তারা একজন মানুষের কেনাকাটার ধরন নির্ধারণ করেন।