জাপানে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি বা টিএসএমসির নতুন চিপ কারখানা স্থাপনের বিষয়টি অনুমোদন দিয়েছে তাইওয়ান সরকার। গতকাল এক বিবৃতিতে এ অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছে অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন তাইওয়ান বিনিয়োগ কমিশন। খবর রয়টার্স।

গত মাসে বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা কোম্পানিটি জানায়, তারা জাপানে ৭০০ কোটি ডলার ব্যয়ে নতুন একটি চিপ কারখানা স্থাপন করতে যাচ্ছে। এতে বিনিয়োগসহ অন্যান্য সহযোগিতায় থাকবে সনি করপোরেশন ও জাপান সরকার।

গতকাল এক বিবৃতিতে বিনিয়োগ কমিশন জানায়, জাপানে টিএসএমসির নতুন কারখানায় যে প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে, তা তাইওয়ানের কারখানাগুলোর চেয়ে অন্তত এক বা অধিক প্রজন্ম পিছিয়ে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, সেখানে অত্যাধুনিক প্রযুক্তির দ্রুত বিকাশ হবে।

সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক সরবরাহ চেইন ও উপকরণ সংকটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের চেষ্টা করছে টিএসএমসি। সে লক্ষ্যে জাপানে ও যুক্তরাষ্ট্রের টেক্সাসে কারখানা কার্যক্রম সম্প্রসারণ করছে চিপ নির্মাতা জায়ান্টটি। অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টের অন্যতম সরবরাহকারী প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে অগ্রসর সেমিকন্ডাক্টর নির্মাণ করে আসছে।