ইসরায়েলের স্পাইওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান এনএসও গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) পদ ত্যাগ করছেন শালেভ হুরিও। পরবর্তী প্রধানের নাম ঘোষণা না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির প্রধান পরিচালন কর্মকর্তা ইয়ারন সোহাত কোম্পানির পুনর্গঠনের বিষয়টি দেখভাল করবেন। খবর রয়টার্স।
প্রতিষ্ঠানটির অভ্যন্তরীণ একটি সূত্রের তথ্যানুযায়ী, পুনর্গঠনের অংশ হিসেবে আরো ১০০ কর্মীকে অব্যাহতি দেয়া হবে। সেই সঙ্গে নতুন সিইও নির্ধারণের আগ পর্যন্ত সোহাত প্রতিষ্ঠানটি পরিচালনা করবে। নজরদারি কার্যক্রম পরিচালনাকারী সংস্থাটি পেগাসাস স্পাইওয়্যার তৈরি করেছে। এর পর থেকে সফটওয়্যারটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন দেশের সরকারি ও অন্যান্য প্রতিষ্ঠান যে কারো সেলফোন হ্যাক করছে বা আড়ি পাতছে, এমন অভিযোগ উঠতে থাকে। অভিযোগের পরিপ্রেক্ষিতে প্রতিষ্ঠানটিকে আইনি লড়াইয়ে জড়িয়ে পড়তে হয়।
এনএসও জানায়, মূলত সন্ত্রাসী, কঠোর অপরাধী ও শিশুদের যৌন হয়রানিকারীদের ধরতে এ প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে। পাশাপাশি পরীক্ষিত ও বৈধ সরকারি ক্রেতাদের কাছে সফটওয়্যারটি বিক্রি করা হয়েছে। যদিও প্রতিষ্ঠানটি তাদের গ্রাহকদের নাম কখনই প্রকাশ করেনি।










