মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস জানাতে ইউটিউবে শিশুদের উপযোগী অ্যানিমেটেড কার্টুন সিরিজ আগামীর চোখে বাংলাদেশ উদ্বোধন করেছে গ্রামীণফোন।

মুক্তিযুদ্ধের বীরত্বপূর্ণ ইতিহাস অমর করে রাখতে বিজয়ের ৫০ বছরে মুক্তিযুদ্ধে ঘটে যাওয়া অবিস্মরণীয় ঘটনাগুলো থেকে বাছাইকৃত ঘটনা নিয়ে শিশুদের উপযোগী অ্যানিমেটেড কার্টুন উপস্থাপন করছে গ্রামীণফোন।

আগামী প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের ইতিহাস তুলে ধরার উদ্যোগটি সবার কাছে পৌঁছে দিতে গ্রামীণফোন সম্প্রতি একটি ওয়েবিনার আয়োজন করে। গ্রামীণফোনের হেড অব কমিউনিকেশন্স খায়রুল বাশারের উপস্থাপনায় ওয়েবিনারে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু, গ্রামীণফোনের সিএমও সাজ্জাদ হাসিব, প্রতিষ্ঠানটির হেড অব মার্কেটিং নাফিস আনোয়ার চৌধুরী এবং গ্রের সিইও গাউসুল আলম শাওন। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ নিয়ে গ্রামীণফোনের ইউটিউব চ্যানেলের অ্যানিমেশন সিরিজের উদ্বোধন করেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু।

মুক্তিযুদ্ধের সত্য ঘটনাগুলো সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করা বীর মুক্তিযাদ্ধাদের সাক্ষাত্কার ও যুদ্ধ-পরবর্তী সময়ে প্রকাশিত বই, ম্যাগাজিন ও পত্রপত্রিকা থেকে সংগ্রহ করা হয়েছে। এ উদ্যোগের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। তিনি বলেন, এ প্রজন্মের সঙ্গে মুক্তিযুদ্ধকে পরিচয় করিয়ে দেয়ার জন্য এটি একটি দারুণ উদ্যোগ। শিশুদের সামনে আমাদের ইতিহাস তাদের মতো করে তাদের ভাষায় তুলে ধরা হয়েছে, যা প্রজন্ম থেকে প্রজন্মে আমাদের ইতিহাসকে ধারণ করতে সহায়তা করবে। বিজ্ঞপ্তি থেকে