মোবাইল ও ভোক্তা ইলেকট্রনিকস ব্যবসা একটি বিভাগের অধীনে নিয়ে আসছে স্যামসাং ইলেকট্রনিকস। ২০১৭ সালের পর সবচেয়ে বড় এ রদবদলে নতুন সহপ্রধান নির্বাহীদের নাম ঘোষণার পাশাপাশি প্রাতিষ্ঠানিক কাঠামো সরল ও লজিক চিপ ব্যবসায় মনোনিবেশ করার কথা জানিয়েছে দক্ষিণ কোরিয়াভিত্তিক প্রতিষ্ঠানটি। খবর কোরিয়া হেরাল্ড ও রয়টার্স।
তিনজনের পরিবর্তে দুই সহপ্রধান নির্বাহী এখন থেকে প্রতিষ্ঠানটির নেতৃত্বে থাকবেন। প্রতিষ্ঠানটি চিপ ও ভোক্তা পণ্য নামে দুটি প্রধান ভাগে ভাগ হচ্ছে। প্রতিষ্ঠানটির একসময়ের সবচেয়ে বড় অর্থ আয়কারী স্মার্টফোন বিভাগ চলে যাবে ভোক্তা পণ্যের বিভাগে।
গ্যালাক্সি ফ্ল্যাগশিপ ব্র্যান্ডের ওপর ভর করে স্যামসাং একসময় বিশ্বের বৃহত্তম স্মার্টফোন নির্মাতা হয়ে ওঠে। ২০১০-এর দশকের শুরুতে প্রায় ৭০ শতাংশ মুনাফা এ বিভাগ থেকে এলেও গত প্রান্তিকে এটি ২১ শতাংশে এসে দাঁড়িয়েছে।
প্রতিষ্ঠানটির জন্য এখন যন্ত্রাংশ ব্যবসা, বিশেষ করে মাইক্রোচিপ উৎপাদন সবচেয়ে লাভজনক হয়ে উঠেছে। আর এতে ভূমিকা রেখেছে ডাটা স্টোরেজ সেক্টরের আকস্মিক উত্থান এবং বিশ্বব্যাপী সাম্প্রতিক চিপ ঘাটতি। গত প্রান্তিকে স্যামসাংয়ের ১ হাজার ৩৪০ কোটি ডলার পরিচালন মুনাফার প্রায় তিন-চতুর্থাংশই এসেছে এ বিভাগ থেকে।
স্যামসাং জানায়, ভিজুয়াল ডিসপ্লে ব্যবসার প্রধান হান জং-হি সহ-সিইও হবেন এবং মোবাইল ও ভোক্তা ইলেকট্রনিকস পণ্য বিভাগ মিলিয়ে নতুন বিভাগের নেতৃত্ব দেবেন। সেলফোন উৎপাদনের অভিজ্ঞতাহীন হান উঠে এসেছেন স্যামসাংয়ের ভিজুয়াল ডিসপ্লে ব্যবসার হাত ধরে।
বিশ্লেষকরা বলছেন, মোবাইল বাজারে গতিস্বল্পতার উদ্বেগের মধ্যে একেবারে ঘাড়ের ওপর চেপে বসা সমস্যা হচ্ছে চিপ সরবরাহের অভাব, কাঁচামালের মূল্যবৃদ্ধি, লজিস্টিক অসুবিধা এবং অ্যাপল আর চীনা উৎপাদকদের প্রতিদ্বন্দ্বিতা।
চিপ ও উপকরণ বিভাগের নেতৃত্ব দেয়ার জন্য সহ-সিইও হিসেবে স্যামসাং বেছে নিয়েছে স্যামসাং ইলেকট্রো-মেকানিকসের প্রধান নির্বাহী ও ফ্ল্যাশ মেমোরি চিপ অ্যান্ড টেকনোলজি দলের সাবেক প্রধান কিউং কি-হিউনকে।
অন্যান্য হাই-প্রোফাইল পদোন্নতির মধ্যে রয়েছে ভাইস চেয়ারম্যান হিসেবে চুং হিউন-হোর নিয়োগ। বিভিন্ন সংবাদমাধ্যম বলছে, স্যামসাংয়ের ডি ফ্যাক্টো প্রধান লির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা চুং হিউন-হো একটি টাস্কফোর্সের নেতৃত্ব দেবেন। স্যামসাং ইলেকট্রনিকস ও সহযোগীদের মধ্যে সিদ্ধান্ত গ্রহণে সমন্বয়ে সহায়তা করবে টাস্কফোর্সটি।










