অতীতের যেকোনো সময়ের চেয়ে চলতি বছর সর্বোচ্চ প্রবৃদ্ধি অর্জন করতে যাচ্ছে বৈশ্বিক বিজ্ঞাপন শিল্প। সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল ও মেটার মতো কোম্পানির নেতৃত্বে ২০২২ সালেও এ ধারাবাহিকতা বহাল থাকবে। বিজ্ঞাপন শিল্পসংশ্লিষ্ট দুটি পূর্বাভাসে এমন তথ্য উঠে এসেছে। খবর রয়টার্স।

চলতি বছরে বিশ্বব্যাপী সরবরাহ চেইনে সংকট, অ্যাপলের প্রাইভেসি নীতিমালায় পরিবর্তন সত্ত্বেও ডিজিটাল বিজ্ঞাপন খাতের ব্যাপক সম্প্রসারণ হয়েছে। সরাসরি স্টোরে গিয়ে কেনাকাটা এখনো মহামারীপূর্ব সময়ের কাছাকাছি না যাওয়া এবং অনলাইনে কেনাকাটায় অভ্যস্ততা বৃদ্ধিতে ডিজিটাল বিজ্ঞাপন বাড়িয়েছে পণ্য বিক্রেতা ও সেবাদাতা প্রতিষ্ঠানগুলো।

গ্রুপএম বিজ্ঞাপন সংস্থার প্রেসিডেন্ট ব্রায়ান উইজার বলেন, মহামারীর সময়ে শুরু হওয়া নতুন ব্যবসায়িক উদ্যোগগুলোকে বিজ্ঞাপনের মাধ্যমে গ্রাহকদের কাছে পৌঁছাতে হয়েছে। এতে ডিজিটাল বিজ্ঞাপন খাতের সম্প্রসারণ হয়েছে, যা আগামী বছরগুলোতে ক্রমবর্ধমান বাড়বে। গ্রুপএমের প্রাক্কলন, ২০২১ সালে বৈশ্বিক ডিজিটাল বিজ্ঞাপন ব্যয় আগের বছরের চেয়ে ২২ দশমিক ৫ শতাংশ বেড়েছে। উইজার মনে করেন, ২০২২ সালে বৈশ্বিক বিজ্ঞাপন ব্যয়ে প্রবৃদ্ধি হবে ৯ শতাংশ।