স্প্রিন্ট থ্রিজি নেটওয়ার্ক বন্ধের সময়সীমা বাড়িয়েছে মার্কিন টেলিকম প্রতিষ্ঠান টি-মোবাইল। ২০২২ সালের প্রথম দিন নিজেদের সিডিএমএ নেটওয়ার্ক বন্ধের কথা ছিল প্রতিষ্ঠানটির। দ্য ভার্জের প্রতিবেদন অনুসারে, আগামী বছরের ৩১ মার্চ পর্যন্ত এ সময়সীমা বাড়ানো হয়েছে।
এক বিবৃতিতে মার্কিন প্রতিষ্ঠানটি জানায়, সাম্প্রতিক সময়গুলোতে দেখা গেছে, গ্রাহকদের সহায়তায় আমাদের অংশীদারদের অনেকেই নিজেদের দায়িত্ব পালন করেনি। যে কারণে আমরা তাদের কাছ থেকে দূরে সরে যাচ্ছি।
ধারণা করা হচ্ছে, অংশীদারদের সঙ্গে হিসাব-নিকাশ শেষ করতে সময় নিচ্ছে টি-মোবাইল। প্রতিষ্ঠানটি বলছে, তারা তাদের অংশীদারদের সব প্রয়োজনীয়তা পূরণের সুযোগ দেবে। এছাড়া সিদ্ধান্ত গ্রহণে কোনো অজুহাত থাকা উচিত নয় বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী বছরের ৩০ জুন স্প্রিন্টের এলটিই নেটওয়ার্ক বন্ধ হয়ে যাবে বলে জানিয়েছে টি-মোবাইল।
বিবৃতিতে নাম প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, অংশীদার বলতে ডিশ নেটওয়ার্ককে বুঝিয়েছে টি-মোবাইল। স্প্রিন্ট নেটওয়ার্ক বন্ধের ঘোষণায় প্রতিষ্ঠান দুটিতে জট লেগেছে। কেননা, ডিশের বুস্ট মোবাইলের কারণে টি-মোবাইলের গ্রাহকদের ওপর প্রভাব পড়ছে।
টি-মোবাইলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাইক সিভার্ট এক ব্লগ পোস্টে বলেন, ডিশ তাদের গ্রাহকদের ফোরজি বা ফাইভজি নেটওয়ার্কে পরিবর্তিত হতে চাপ প্রয়োগ করছে।
এর আগে গত জুলাইয়ে মার্কিন বিচার বিভাগ ডিশ নেটওয়ার্ক এবং টি-মোবাইলকে জানায়, স্প্রিন্টের নেটওয়ার্ক বন্ধের ঘোষণায় তারা উদ্বিগ্ন। এ সময় গ্রাহকের ওপর চাপ কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথাও জানান সংশ্লিষ্টরা।










