প্রযুক্তিবাজারে নিজেদের অবস্থান ধরে রাখতে এবং ফ্ল্যাগশিপ স্মার্টফোনের জন্য সম্প্রতি স্ন্যাপড্রাগন ৮ জেন ১ চিপসেট আনার ঘোষণা দিয়েছে কোয়ালকম। গুঞ্জন উঠেছে যে প্রতিষ্ঠানটি এরই মধ্যে পরবর্তী সিরিজের চিপসেট নিয়ে কাজ করছে। খবর গিজমোচায়না।

উইবোর এক টিপস্টারের তথ্যানুযায়ী, কোয়ালকম এরই মধ্যে স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপের উন্নয়নে কাজ শুরু করেছে। সাম্প্রতিক সময়ে মিডিয়াটেক চিপের বাজারে যে উন্নতি করেছে, সেটির সঙ্গে কোয়ালকমের নতুন চিপসেট উৎপাদন সেভাবে সম্পর্কিত নয় বলেও জানিয়েছে টিপস্টার।

বর্তমানে বেশকিছু স্মার্টফোন উৎপাদনকারী প্রতিষ্ঠান কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর ব্যবহারের মাধ্যমে ফ্ল্যাগশিপ স্মার্টফোনের বাজারজাত শুরু করেছে।

আগের সিরিজের চিপসেটের তুলনায় জেন ১ প্রসেসরে বেশকিছু পরিবর্তন ও উন্নয়ন আনা হয়েছে। ২০২২ সালের দ্বিতীয় প্রান্তিকে এ চিপসেট উন্মোচনের সম্ভাবনার কথাও জানিয়েছে টিপস্টার।

প্রযুক্তিবিদদের ধারণা স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেটটি জেন ১ ও মিডিয়াটেকের ফ্ল্যাগশিপ প্রসেসর ডাইমেনসিটি ৯০০০ সিরিজকেও ছাড়িয়ে যাবে। টিপস্টারের অনুমান ডাইমেনসিটি ৯০০০ সিরিজের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে নতুন চিপসেটের উন্নয়নে কাজ করছে।