চিপ উৎপাদনের অংশ হিসেবে নতুন প্রযুক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছে বিশ্বের অন্যতম চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড (টিএসএমসি)। ৫ ন্যানোমিটার প্রযুক্তির উন্নত ভার্সন হিসেবে এন৪পি নিয়ে এসেছে প্রতিষ্ঠানটি। খবর অ্যান্ড্রয়েড হেডলাইনস।

৫ ন্যানোমিটার প্রযুক্তির আওতায় এনফোর লাইনআপে তৃতীয় ধাপে নতুন এ প্রযুক্তি চালু করল প্রতিষ্ঠানটি। তাদের দাবি নতুন প্রযুক্তি এন৫-এর মূল প্রযুক্তির তুলনায় ১১ শতাংশ বেশি কার্যকর এবং এন৪ প্রযুক্তির তুলনায় ৬ শতাংশ বেশি উন্নত।

কম বিদ্যুৎ ব্যবহারের দিক থেকে এটি এন৫ প্রযুক্তির তুলনায় ২২ শতাংশ বেশি সাশ্রয়ী এবং এর ট্রানজিস্টরের ঘনত্ব ৬ শতাংশ বেশি বলে দাবি করেছে এ প্রযুক্তি প্রতিষ্ঠান।

নতুন এ প্রযুক্তির বিষয়ে প্রতিষ্ঠানটি জানায়, এন৪পি উৎপাদন প্রক্রিয়া প্রযুক্তি উন্নয়নে আমাদের সর্বাত্মক চেষ্টা ও বিনিয়োগের বিষয়টিকে নির্দেশ করে। ৫ ন্যানোমিটার প্রযুক্তিতে উৎপাদিত চিপ ও ডিভাইসগুলোকে যেন সহজে রূপান্তর করা যায়, সেজন্য এটি তৈরি করা হয়েছে। এর মাধ্যমে ব্যবহারকারীরা যে শুধু বিনিয়োগ বাড়াবেন এমন না। সেই সঙ্গে তাদের এন৫ প্রযুক্তির পণ্যে আরো শক্তিশালী রিফ্রেশ সুবিধা দেবে।

কয়েক মাস আগে ৩ ন্যানোমিটারের উৎপাদন প্রযুক্তি বাজারে দেরিতে আনার বিষয়ে জানিয়েছিল। এরপর এ প্রযুক্তির বিষয়ে আর কিছু জানা যায়নি। এর মাধ্যমে একটি বিষয় পরিষ্কার যে, আইফোন ১৪ সিরিজে পরবর্তী প্রজন্মের যে এ১৬ বায়োনিক চিপসেট ব্যবহার করা হবে, সেটি ৪ ন্যানোমিটার প্রযুক্তি মাধ্যমে তৈরি করা হবে।