রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে সংবেদনশীল তথ্য ও সার্ভার দেশের বাইরে স্থানান্তরের বিষয়ে ভাবছে ইউক্রেন। আগ্রাসন যদি আরো প্রকট হয়, তখন এ সিদ্ধান্ত কার্যকর করা হবে বলে বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন দেশটির সাইবার নিরাপত্তা বিভাগের প্রধান।

ইউক্রেনের স্টেট সার্ভিস অব স্পেশাল কমিউনিকেশনস অ্যান্ড ইনফরমেশন প্রটেকশন বিভাগের ডেপুটি চিফ ভিক্টর ঝোরা জানান, তার বিভাগ আকস্মিক যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুতি গ্রহণ করেছে। তবে রাশিয়ার সামরিক আগ্রাসনের মুখে ইউক্রেনের সব নাগরিক যেন সরকারি নথি বাজেয়াপ্ত করার জন্য প্রস্তুত থাকে, সেটিও বিবেচনায় রাখা হয়েছে।

ঝোরা বলেন, আমরা প্রস্তুতি গ্রহণ করছি। প্রথম পরিকল্পনার অংশ হিসেবে ইউক্রেনের মধ্যেই তথ্যপ্রযুক্তিগত অবকাঠামো রক্ষার চেষ্টা করা হবে। এসব অবকাঠামো অন্য দেশে সরিয়ে নেয়া দ্বিতীয় বা তৃতীয় পরিকল্পনার অংশ মাত্র। তবে ইউক্রেনের আইনপ্রণেতাদের সম্মতির পরিপ্রেক্ষিতেই শুধু এ পদক্ষেপ কার্যকর করা সম্ভব। এরই মধ্যে দেশটির সরকারি কর্মকর্তারা প্রয়োজনীয় সরঞ্জাম ও সরবরাহ অন্য নিরাপদ স্থানে পাঠানো শুরু করেছেন। গত মাসে ঝোরা পলিটিকোকে সংবেদনশীল তথ্য রাজধানী কিয়েভের বাইরে স্থানান্তরের বিষয়ে জানিয়েছিলেন। তবে আরো এক ধাপ এগিয়ে থাকার জন্য এগুলো দেশের বাইরে স্থানান্তরের সিদ্ধান্ত নেয়া হয়েছে। তথ্য সংরক্ষণের জন্য এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশ ইউক্রেনকে প্রস্তাব দিয়েছে।