পিক্সেল স্মার্টফোনের জন্য সম্প্রতি অ্যান্ড্রয়েড ১৪-এর বেটা ভার্সন চালু করেছে গুগল। নতুন ভার্সনে বেশকিছু নতুন ফিচার ও সুবিধা রয়েছে। এর মধ্যে অন্যতম উল্লেখযোগ্য একটি পরিবর্তন হলো ফুল স্ক্রিন নোটিফিকেশন নিয়ন্ত্রণের সুবিধা। অর্থাৎ ব্যবহারকারী প্রয়োজন অনুযায়ী যেকোনো অ্যাপ থেকে নোটিফিকেশন অ্যাকসেস নিয়ন্ত্রণ করতে পারবে। খবর গিজমোচায়না।
নতুন ফিচারটি অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য যুগান্তকারী উদ্ভাবন।বিশেষ করে যাদের আগে এর ওপর নিয়ন্ত্রণ ছিল না। ফোন লক করা অবস্থায় এটি সমস্যা তৈরি করত। উদাহরণস্বরূপ, অ্যালার্ম বেজে উঠলে ডিভাইসের লক স্ক্রিনে আর কিছু দেখা যায় না। তবে নতুন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ফুল স্ক্রিন নোটিফিকেশন বন্ধ করতে পারবে। এছাড়া এ সময় ফোনকল ও মেসেজের মতো অন্য নোটিফিকেশনও দেখা যাবে। ফিচারটি ব্যবহারকারীদের নোটিফিকেশন নিয়ন্ত্রণের মাধ্যমে কল রিসিভ ও কেটে দেয়ার বাটন ব্যবহারের সুবিধা দেবে।
ফিচারটি ব্যবহারের জন্য প্রথমে সেটিংস থেকে অ্যাপসে প্রবেশ করতে হবে। সেখানে স্পেশাল অ্যাপ অ্যাকসেস থেকে ম্যানেজ ফুল স্ক্রিন ইনটেন্টস নির্বাচন করতে হবে। সেখানো কোন অ্যাপগুলো ফুল স্ত্রিন নোটিফিকেশন ব্যবহার করছে তার তালিকা দেখানো হবে। পাশাপাশি সেখানে নোটিফিকেশন ব্যবহার চালু ও বন্ধে টোগল অপশন থাকবে। ব্যবহারকারী পছন্দানুযায়ী যেকোনো অ্যাপের নোটিফিকেশন অ্যাকসেস নিয়ন্ত্রণ করতে পারবেন।
অ্যান্ড্রয়েড ১৪ বেটা ১ ডাউনলোডের জন্য ব্যবহারকারীদের পিক্সেলের ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেই সঙ্গে তাদের ডিভাইস বেটা প্রোগ্রাম চালানোর জন্য উপযুক্ত কিনা তা নিশ্চিত করতে হবে। তবে বিশ্লেষকদের অভিমত বেটা ভার্সন হওয়ায় এতে বিভিন্ন বাগ ও সমস্যা থাকতে পারে। তাই স্ট্যাবল ভার্সন না আসা পর্যন্ত সফটওয়্যার আপডেট না করাই ভালো।










