ম্যাক কম্পিউটারের জন্য ডেডিকেটেড ডেস্কটপ ব্রাউজার তৈরিতে কাজ করছে সার্চ ইঞ্জিন প্রতিষ্ঠান ডাকডাকগো। সম্প্রতি নিজেদের এক ব্লগ পোস্টে এ তথ্য নিশ্চিত করেন সিইও গ্যাব্রিয়েল ওয়েইনবার্গ। খবর দ্য ভার্জ।
স্মার্টফোনের জন্য ডাকডাকগোর নিজস্ব ব্রাউজার পরিষেবা চালু রয়েছে। ডেস্কটপের জন্য চালু করা হলে সেটিও ব্যবহারকারীদের একই অভিজ্ঞতা প্রদান করবে বলে আশা সংশ্লিষ্টদের। প্রতিষ্ঠানটির ডেস্কটপ ব্রাউজারে বিল্ট ইন শক্তিশালী নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ফলে ব্যবহারকারীদের আলাদাভাবে নিরাপত্তা সেটিংস নির্ধারণ করতে হবে না বা অন্য কোনো ব্যবস্থা গ্রহণ করতে হবে না বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
ডাকডাকগোর ব্লগ পোস্টে বলা হয়, অনলাইন নিরাপত্তার পাশাপাশি সার্চ, ব্রাউজিং, ইমেইলসহ বেশকিছু বিষয়ে ব্রাউজারটি ব্যবহারকারীদের অভিজ্ঞতায় ব্যাপক পরিবর্তন আনবে। অ্যাপটিকে গুগল ক্রোমের তুলনায় গতিশীল, পরিষ্কার ও অধিক নিরাপদ হিসেবে বর্ণনা করা হয়েছে।
ডেস্কটপের জন্য যে ব্রাউজার আনা হচ্ছে, সেটি ওএস প্রদত্ত রেন্ডারিং ইঞ্জিন ব্যবহার করে তৈরি করা হচ্ছে। এটি মোবাইল অ্যাপের অনুরূপ। এতে গতানুগতিক ব্রাউজারে ব্যবহূত ক্রোমিয়াম বেজ ব্যবহার করা হবে না। বর্তমানে ম্যাকের জন্য নির্ধারিত ব্রাউজারটি বেটা পরীক্ষায় রয়েছে। ভবিষ্যতে কম্পিউটারের জন্য ব্রাউজার আনার পরিকল্পনাও রয়েছে প্রতিষ্ঠানটির।










