ইউটিউব, স্ন্যাপচ্যাট ও টিকটকের মতো প্লাটফর্মে শিশু ও কিশোর-কিশোরীদের জন্য থাকা ক্ষতিকর কনটেন্ট নিয়ে মার্কিন সিনেটরদের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছেন প্লাটফর্মগুলোর কর্তাব্যক্তিরা। এছাড়া ব্যক্তিগত তথ্যের গোপনীয়তা ও স্বচ্ছতা নিয়েও প্রশ্ন করছেন উভয় দলের সিনেটরদের একটি গ্রুপ। খবর নিউইয়র্ক টাইমস।

গত কয়েক সপ্তাহ ধরেই মার্কিন সিনেটরদের প্রশ্নবাণে বিদ্ধ হয়েছে সোস্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। তার ওপর সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেনের একের পর এক বিস্ফোরক অভিযোগে দম ফেলার অবসর পায়নি ফেসবুকের কর্তাব্যক্তিরা। এবার সিনেটরদের জেরার সামনে পড়েছে ইউটিউব, স্ন্যাপচ্যাট ও টিকটকের শীর্ষ নির্বাহীরা।

৩ ঘণ্টাব্যাপী শুনানিতে দুই দলের সিনেটরদের একটি গ্রুপ ইউটিউব, স্ন্যাপ ও টিকটকের কর্মকর্তাদের জানান, তরুণ-তরুণীদের অনুপযুক্ত কনটেন্টের দিকে ধাবিত করা, ভোক্তা উপাত্তের অপব্যবহার করা এবং প্লাটফর্মগুলো থেকে ক্ষতিকর কনটেন্ট চিহ্নিত করার অক্ষমতা নিয়ে তারা উদ্বিগ্ন। আইনপ্রণেতারা বলছেন, তাদের স্টাফরা দেখতে পেয়েছেন টিনএজ হিসেবে সাইটগুলোতে লগ ইন থাকা অবস্থাতেই আত্মক্ষয় ও পর্নোগ্রাফির মতো কনটেন্ট সামনে এসেছে।

কানেকটিকাট রাজ্যের ডেমোক্র্যাট সিনেটর রিচার্ড ব্লুমেনথাল শুনানি কার্যক্রমের সূচনা করেন। তিনি অভিযোগ করে বলেন, আপনারা যা করছেন তা হলো কত নতুন ব্যবহারকারী আপনাদের প্লাটফর্মে যুক্ত করা যায়, বিশেষ করে শিশু-কিশোরদের। তারা প্লাটফর্মে আসলে যেন দীর্ঘক্ষণ থাকে সে ব্যবস্থা করছেন। আপনারা এর উত্তরে কী বলছেন— আমরা ফেসবুক নই, আমরা আলাদা, আমরা একে অন্যের চেয়ে আলাদা। ফেসবুকের চেয়ে আলাদা হওয়া কোনো উত্তর হতে পারে না।

অনলাইনে শিশুদের নিরাপদ অবস্থান নিশ্চিতে আইন প্রণয়নের কথা বলছেন সিনেটররা। মার্কিন সিনেট ও কংগ্রেসের বর্তমান পরিস্থিতি বিবেচনায় যেকোনো নতুন বিলের কথা এলেই সাধারণত পক্ষে-বিপক্ষে তীব্র মতবিরোধ দেখা যায়। কিন্তু অনলাইনে শিশুদের নিরাপদ অবস্থান নিশ্চিতে প্রস্তাবিত বিলের পক্ষে বেশ ঐকমত্য রয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান আইনপ্রণেতাদের মধ্যে।

সিনেট শুনানিতে রাজনৈতিক অভিজ্ঞতা সম্পন্ন শীর্ষ কর্মকর্তাদের পাঠিয়েছে ইউটিউব, স্ন্যাপ ও টিকটক। ভিডিও শেয়ারিং প্লাটফর্ম টিকটকের প্রতিনিধিত্ব করেছেন মাইকেল বেকারম্যান। বর্তমানে আমেরিকা মহাদেশে পাবলিক পলিসি প্রধানের দায়িত্ব পালন করা বেকারম্যান একটি ইন্টারনেট লবি গ্রুপের প্রধানের দায়িত্ব পালন করতেন। ইউটিউবের ভাইস প্রেসিডেন্ট লেসলি মিলার একসময় ডেমোক্র্যাট দলের উচ্চপদস্থ কর্তাব্যক্তি ছিলেন। শুনানিতে স্ন্যাপের প্রতিনিধিত্ব করা জেনিফার স্টাউট সাবেক পররাষ্ট্রমন্ত্রী জন কেরির ডেপুটি চিফ অব স্টাফ ছিলেন। বর্তমানে স্ন্যাপের ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন স্টাউট।

টিকটকের প্রতিনিধি বেকারম্যান দাবি করেন, বাইটডান্স মালিকানাধীন এ অ্যাপটি অন্য প্লাটফর্ম থেকে আলাদা। এটা ব্যবহারকারীদের মধ্যে প্রত্যক্ষ সংযোগের ওপর জোর দেয়। এখানে মন চাঙ্গা হয় ও বিনোদন পাওয়া যায়। মানুষ এজন্য এটাকে পছন্দ করে।

সিনেটররা বেকারম্যানের সামনে প্রশ্ন ছুড়ে দেন—চীনভিত্তিক প্রতিষ্ঠানটি বেইজিংয়ের কাছে ব্যবহারকারীদের ডাটা হস্তান্তর করে কিনা। জবাবে টিকটক জানায়, মার্কিন টিমের হাতেই যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের ডাটার নিয়ন্ত্রণ থাকে।

এদিকে সিনেটরদের সঙ্গে বেশ উত্তপ্ত সওয়াল-জবাব করেন ইউটিউবের মিলার। ইউটিউবের অ্যালগরিদম, ডাটা ও প্রাইভেসি নিয়ে গবেষণায় বাইরের গবেষকদের যথেষ্ট সুযোগ দেয়া হয় কিনা, সিনেটর ব্লুমেনথালের এ প্রশ্নের জবাবে মিলার জানান, এটা আসলে নির্ভর করছে গবেষণার বিষয়বস্তুর ওপর। তবে আমরা গুরুত্বপূর্ণ ফিল্ডের গবেষকদের সঙ্গে কাজ করতে ইচ্ছুক।