নির্দিষ্ট কনটেন্ট নির্মাতাদের ওপর ‘টিপস’
দেয়ার ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে টিকটক। নতুন ফিচারটিতে সরাসরি কনটেন্ট নির্মাতার প্রোফাইলে গিয়ে টিপস বা বকশিশ দিতে পারবেন ভক্তরা। ‘টিপস’
হিসেবে পাওয়া পুরো অর্থই যাবে কনটেন্ট নির্মাতার কাছে, কোনো কমিশন কেটে রাখবে না টিকটক। খবর টেক টাইমস।
নতুন ফিচার ব্যবহারের সুযোগ পেতে হলে টিকটক প্লাটফর্মে কনটেন্ট নির্মাতার প্রোফাইলটির আলাদা গ্রহণযোগ্যতা থাকতে হবে, কমপক্ষে এক লাখ ফলোয়ার থাকতে হবে, প্রাপ্তবয়স্ক হতে হবে এবং টিকটকের শর্তাবলি মেনে চলতে হবে। ওইসব শর্ত পূরণ হলেই কেবল ‘টিপস’
ফিচার চালু করার জন্য আবেদন করতে পারবেন নির্মাতারা। তবে আবেদন করলেই কেউ এ সুবিধা পাবেন কিনা, সেই বিষয়টি এখনো পরিষ্কার নয়।
টিকটকের এক কনটেন্ট নির্মাতা জেরা বিনের এক ভিডিওতে বলা হয়, বেশ দ্রুতগতিতেই শেষ হয় আবেদন প্রক্রিয়া। জেরা বিনের অ্যাকাউন্টে এখন শোভা পাচ্ছে একটি ‘টিপস’
বাটন। বাটন চেপে নির্মাতাকে ৫, ১০ বা ১৫ ডলার টিপস দিতে পারবেন ভক্তরা। পূর্বনির্ধারিত অংকের বাইরেও নিজের ইচ্ছামতো টিপস দিতে পারবেন তারা। তবে সর্বনিম্ন টিপসের পরিমাণ ১ ডলার হিসেবে নির্ধারণ করে দিয়েছে টিকটক।
এ প্রসঙ্গে এক টিকটক মুখপাত্র জানান, আমরা সবসময়ই আমাদের কমিউনিটিতে মূল্য সংযোজনের নতুন উপায় খুঁজি যেন টিকটক অভিজ্ঞতা আরো উপভোগ্য হয়।
নির্মাতাদের টিপস দিতে হলে ব্যবহারকারীর বয়স অন্তত ১৮ বছর হতে হবে। তবে কোনো অ্যাকাউন্টকে টিপস দেয়ার জন্য সেটিকে ফলো করা এখনো বাধ্যতামূলক নয় বলে জানিয়েছে। ফিচারটি এখনো সীমিতসংখ্যক নির্মাতার ওপর পরীক্ষা করছে টিকটক।










