আইপ্যাডের ফটোশপে স্মাজ ও স্পঞ্জ নামের নতুন দুটি টুল যুক্ত করেছে অ্যাডোবি। এর আগে পর্যন্ত শুধু ডেস্কটপ ভার্সনে টুলসগুলো ব্যবহার করা যেত। খবর গ্যাজেটস নাউ।

স্মাজের মাধ্যমে ব্যবহারকারীরা ছবিতে রঙ ব্যবহার করতে পারবেন। অ্যাডোবির তথ্যানুযায়ী, নতুন টুলের মাধ্যমে বাস্তব জীবনের পেইন্টিংয়ের অনুকরণ করা যাবে। স্পঞ্জ টুলের মাধ্যমে ব্যবহারকারীরা ছবির নির্ধারিত অংশের রঙে বিভিন্ন শেড আনার জন্য স্যাচুরেটেড বা ডিস্যাচুরেটেড করতে পারবেন। অ্যাডজাস্টমেন্ট টুল আইকন থেকে দুটি টুলই ব্যবহার করা যাবে বলে জানা গেছে। ফটোশপ অ্যাপের সঙ্গে অ্যাপল পেন্সিল ব্যবহারের পরামর্শও দিয়েছে অ্যাডোবি।

স্মাজ ও স্পঞ্জের পাশাপাশি আরো কিছু টুলসও যুক্ত করেছে প্রতিষ্ঠানটি। এর মধ্যে একটি হচ্ছে ক্যামেরার মূল ছবির হোয়াইট ব্যালান্স ঠিক করা। টুল আইকনের জন্য লেবেলও যুক্ত করা হয়েছে। প্রতিটি টুল পরীক্ষা করার সময় এগুলো দেখা যাবে। আইপ্যাডের ফটোশপ অ্যাপে স্পট হিলিং, ক্লোন, হিলিং ব্রাশসহ বেশকিছু গুরুত্বপূর্ণ ফিচার রয়েছে। লেয়ার ও টুলবার টুলসের মাধ্যমে ব্যবহারকারীরা ছবি এডিট করতে পারবেন এবং ছবির সঙ্গে গ্রাফিকস যুক্ত করতে পারবেন।