শিশুদের ওপর ইনস্টাগ্রামের বিরূপ প্রভাব তদন্ত করতে জোট গঠন করেছে যুক্তরাষ্ট্রের অন্তত নয়টি অঙ্গরাজ্যের তদারককারীরা। অন্যান্য বিষয় নিয়ে বেশ মতবিরোধ থাকলেও এ ইস্যুতে একই সরলরেখায় অবস্থান করছে ডেমোক্র্যাট ও রিপাবলিকান দলের কর্তাব্যক্তিরা। খবর বিবিসি।
বিরূপ প্রভাবের আশঙ্কা জেনেও মেটা নিয়ন্ত্রণাধীন প্লাটফর্মটি শিশুদের ইনস্টাগ্রাম অ্যাপটি ব্যবহারে উদ্বুদ্ধ করেছে কিনা সে বিষয়টি নিয়ে অনুসন্ধান চালাবে তদন্তকারী জোট। সম্প্রতি শিশু ও কিশোর বয়সী ব্যবহারকারীদের ধরে রাখার লক্ষ্যে পরিচালিত কর্মকাণ্ড নিয়ে ব্যাপক সমালোচনা ও বিতর্কের মুখে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো সাইটগুলো।
ফেসবুক ও ইনস্টাগ্রাম যুক্তরাষ্ট্রের ভোক্তা সুরক্ষা আইন লঙ্ঘন করে তরুণদের ঝুঁকির মুখে ফেলছে কিনা, তা নিয়ে তদন্ত করবে কয়েকটি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেলদের একটি জোট। সম্প্রতি এক সংবাদ বিবৃতিতে ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেল মাউরা হিলি বলেন, মেটা তাদের নিজস্ব প্লাটফর্মে তরুণদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে এবং কিছু ক্ষেত্রে এমন আচরণ করেছে, যা শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ছিল। মুনাফার লোভে শিশুদের ব্যবহার করেছে তারা।
অ্যাটর্নি জেনারেলদের অভিযোগের জবাবে মেটার এক মুখপাত্র জানান, অভিযোগগুলো মিথ্যা এবং সঠিক তথ্য অনুধাবনের ঘাটতি থেকে এসেছে। যদিও অনলাইনে তরুণদের নিরাপত্তা দেয়ার ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো পুরো শিল্পকেই প্রভাবিত করে; নিপীড়ন মোকাবেলা, আত্মহত্যার চিন্তা করছেন এমন মানুষদের সাহায্য করা, বিরূপ খাদ্যাভ্যাস মোকাবেলায় পুরো শিল্পের নেতৃত্ব দিয়েছি আমরা। মেটা নিয়ন্ত্রণাধীন প্লাটফর্মগুলোতে অভিভাবকদের নজরদারির অবকাঠামো নির্মাণ এবং ব্যবহারকারীদের বয়স উপযোগী কনটেন্ট দেখানোর নতুন উপায় খুঁজছে বলে জানান ওই মুখপাত্র।
অন্যান্য সামাজিক মাধ্যমের মতো ১৩ বছরের কম বয়সীদের ফটো শেয়ারিং অ্যাপটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা দেয়া আছে ইনস্টাগ্রামের নীতিমালায়। তার পরও শিশুরা প্লাটফর্মটি ব্যবহার করছে বলে দাবি করে আসছে প্রতিষ্ঠানটি। বিভিন্ন মহল থেকে উঠে আসা বিতর্ক ও সমালোচনার মুখে গত সেপ্টেম্বরে শিশুদের জন্য ইনস্টাগ্রামের আলাদা সংস্করণ নির্মাণের পরিকল্পনা থেকে সরে আসে তারা।
ফেসবুকের সাবেক কর্মী ফ্রান্সিস হাউগেনের ফাঁস করা তথ্যের ওপর ভিত্তি করে মার্কিন দৈনিক ওয়াল স্ট্রিট জার্নাল অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করার পর ওই ঘোষণা দিয়েছিল ফেসবুক।










