ব্যবহারকারীদের জন্য এখন থেকে গ্রুপ চ্যাটে জয়েনেবল কল ফিচার নিয়ে আসার ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। পরীক্ষামূলকভাবে জুলাইয়ে সর্বপ্রথম জয়েনেবল কল ফিচার উন্মুক্ত করেছিল প্লাটফর্মটি। সবার জন্য উন্মোচিত হওয়া ফিচারটিতে গ্রুপ কল চলমান থাকা অবস্থায় নতুন কোনো অংশগ্রহণকারী তাতে যোগ দিতে পারবেন। ফিচারটির সর্বশেষ আপগ্রেডের ফলে এখন থেকে কোনো গ্রুপ চ্যাটে কল চলমান থাকা অবস্থায় গ্রুপ উইন্ডো থেকেই তাতে সংযুক্ত হতে পারবেন ব্যবহারকারীরা। খবর টেকক্রাঞ্চ।

এক বিবৃতিতে হোয়াটসঅ্যাপ জানায়, গ্রুপগুলোতে স্বতঃস্ফূর্তভাবে যোগাযোগ রক্ষায় আমরা এ ফিচারটিকে আরো সহজ করে এনেছি। ফলে ব্যবহারকারীরা যেকোনো মুহূর্তে চলমান গ্রুপ কলে সংযুক্ত হতে পারবেন। এর ফলে তারা কোনো ধরনের ঝামেলা ব্যতীত এবং সরাসরি চ্যাট ভিউ থেকে মাত্র একটি ক্লিকের মাধ্যমে কলে সংযুক্ত হওয়ার সুবিধা উপভোগ করতে পারবেন।  গ্রুপ কল সুবিধাটি ক্রমাগতই জনপ্রিয় হয়ে উঠছে। ফলে জয়েনেবল কল ফিচার ব্যবহারকারীদের ক্ষেত্রে তাদের পরিবার ও বন্ধুদের সঙ্গে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে আরো স্বতঃস্ফূর্ত সুবিধা দেবে।