সেমিকন্ডাক্টরের নকশায় বিপ্লবী পরিবর্তন আনার ঘোষণা করেছে ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন (আইবিএম) ও স্যামসাং। যৌথ গবেষণায় নির্মিত শক্তিশালী প্রসেসরটিতে ট্রানজিস্টরের ঘনত্ব বাড়বে। অধিক ট্রানজিস্টরের চিপসেটের কারণে স্মার্টফোনের ক্ষমতা বাড়বে। এতে একবার চার্জে এক সপ্তাহেরও বেশি সময় ব্যাটারি সেবা পাওয়া যাবে। খবর টেক টাইমস ও টেক রাডার।
বার্ষিক আইইডিএম সেমিকন্ডাক্টর কনফারেন্সে আইবিএম ও স্যামসাং নতুন একটি গবেষণা প্রকাশ করেছে। নতুন চিপের কাঠামোকে ভার্টিকাল ট্রান্সপোর্ট ফিল্ড ইফেক্ট ট্রানজিস্টর বা ভিটিএফইটি বলা হচ্ছে।
বর্তমানে যে এফআইএনএফইটি বা ফিনফেট চিপ প্রযুক্তি রয়েছে, শিগগিরই তার স্থান নেবে ভিটিএফইটি প্রযুক্তি। বর্তমানে প্রচলিত নকশার চিপের চেয়ে নতুন নকশার চিপে অধিক ঘনত্বের ট্রানজিস্টর যুক্ত করা যাবে।
আইবিএম রিসার্চের হাইব্রিড ক্লাউড অ্যান্ড সিস্টেমসের ভাইস প্রেসিডেন্ট মুকেশ খারে বলেন, আমরা যে প্রযুক্তি আনার ঘোষণা দিয়েছি তা প্রথাগত চিপকে চ্যালেঞ্জ ছুড়ে দেবে এবং জীবনমানের উন্নতির পাশাপাশি পরিবেশগত ক্ষতি কমাতে ভূমিকা রাখবে। শিল্প খাতে যে উপকরণ সংকট বিরাজ করছে তা মোকাবেলায় আইবিএম ও স্যামসাংয়ের যৌথ উদ্ভাবনটি বহু ক্ষেত্রে ভূমিকা রাখবে।
দুটি কারণে এ প্রযুক্তি অত্যন্ত তাত্পর্যপূর্ণ বলে মনে করে আইবিএম। প্রথমত, ভিটিএফইটি মুর’স ল (মুরের নীতি) অব্যাহত রাখবে। ১৯৬৫ সালে মার্কিন প্রকৌশলী গর্ডন মুর এক ভবিষ্যদ্বাণী করেছিলেন যে প্রতি বছর চিপে ট্রানজিস্টরের সংখ্যা দ্বিগুণ হবে। সে সময় এটাকে অনেকেই অসম্ভব বলে ধরে নিয়েছিলেন। যত বেশি ট্রানজিস্টর যুক্ত করা হবে চিপ তত শক্তিশালী হবে। এতে শক্তিশালী হবে কম্পিউটার, ওয়ার্কস্টেশন, সার্ভার, স্মার্টফোন, ক্যামেরাসহ চিপনির্ভর খাত।
দ্বিতীয়ত, ভিটিএফইটি প্রযুক্তিতে কম জ্বালানি ব্যয় করে অধিক বিদ্যুৎ প্রবাহ নিশ্চিত করা যাবে। এতে প্রথাগত এফইটি প্রযুক্তিতে চিপ যে জ্বালানি ব্যয় করে, তার চেয়ে সর্বোচ্চ ৮৫ শতাংশ পর্যন্ত জ্বালানি সাশ্রয় করা যাবে।
ভিটিএফইটি কাঠামোর চিপের বাস্তব প্রভাব কেমন হবে তা বলতে গিয়ে আইবিএম জানায়, সম্পূর্ণ চার্জে স্মার্টফোনের ব্যাটারি এক সপ্তাহেরও বেশি সময় সেবা দেবে।
নতুন ডিজাইনের সেমিকন্ডাক্টরটিতে উলম্বভাবে ট্রানজিস্টর যুক্ত করা হয়। উল্লম্বভাবে আকৃতির স্ট্যাক থাকার কারণে উপর-নিচ বিদ্যুৎ প্রবাহ সহজতর হবে। বর্তমানে প্রচলিত সেমিকন্ডাক্টরে পাশাপাশি বিদ্যুৎ প্রবাহিত হয়। ভার্টিকাল বা উল্লম্ব স্ট্যাকের সেমিকন্ডাক্টর নতুন ট্রেন্ড হিসেবে দাঁড়াচ্ছে বলে মনে করেন প্রযুক্তি বিশ্লেষকরা। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সেমিকন্ডাক্টর জায়ান্ট ইন্টেল জানায়, তারা তাদের পরবর্তী প্রজন্মের চিপে নতুন ভিটিএফইটি ডিজাইন সিগন্যাল ব্যবহার করতে যাচ্ছে। চিপের আকার কমিয়ে তার কার্যক্ষমতা কীভাবে বাড়ানো যায় তা নিয়ে গবেষণা চালিয়ে আসছিলেন ইন্টেল করপোরেশনের একদল গবেষক।
সানফ্রান্সিসকোয় আয়োজিত একটি আন্তর্জাতিক সম্মেলনে ইন্টেলের রিসার্চ কম্পোন্যান্টস গ্রুপ তাদের একটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন। সিলিকনভ্যালি-ভিত্তিক কোম্পানিটি আশা করছে শিগগিরই তারা ক্ষুদ্রতম ও দ্রুতগতির চিপ উন্নয়নে নেতৃত্বের আসনে আসীন হবে। তবে এখনো গবেষণা নিবন্ধের মধ্যেই সীমাবদ্ধ আছে ইন্টেলের অগ্রগতি, কোনো প্রোটোটাইপ দেখায়নি প্রতিষ্ঠানটি।
চিপে অধিক কম্পিউটিং ক্ষমতা দেয়ার ক্ষেত্রে ইন্টেল যে প্রক্রিয়া অনুসরণ করতে যাচ্ছে, তা হচ্ছে দ্বিমাত্রিকের স্থলে ত্রিমাত্রিক টাইলস ও চিপলেটস ব্যবহার। সম্মেলনে ইন্টেলের গবেষকরা দেখিয়েছেন কীভাবে নতুন চিপগুলো টাইলসগুলোর মধ্যে ১০ গুণের অধিক সংযোগ নিশ্চিত করতে পারে। তার মানে দাঁড়াচ্ছে অনেক জটিল টাইলস সংযুক্ত করা যাবে। সম্মেলনে ইন্টেল যে গবেষণা প্রতিবেদনগুলো দেখিয়েছে, তার মধ্যে সবচেয়ে আধুনিকটিতে রয়েছে একাধিক ট্রানজিস্টর একটি অন্যটির ওপরে বসিয়ে সাজানোর ফিচার। কম্পিউটার চিপের মূল উপাদান হিসেবে বিবেচনা কর হয় ট্রানজিস্টরগুলোকে। ডিজিটাল লজিকের ১ ও শূন্যের সিগন্যালগুলো ঠিক করে দেয় এই লাখ লাখ ট্রানজিস্টর। ইন্টেল মনে করে নতুন প্রযুক্তিতে চিপে ৩০ থেকে ৫০ শতাংশ অধিকসংখ্যক ট্রানজিস্টর যুক্ত করা যাবে। গত ৫০ বছরে চিপগুলো দ্রুততর হওয়ার পেছনে ভূমিকা রেখেছে অধিকসংখ্যক ট্রানজিস্টর যুক্ত করার ক্ষমতা।










