গত বছরের প্রথমার্ধের তুলনায় ২০২২ সালের প্রথমার্ধে লিনাক্স অপারেটিং সিস্টেমে র্যানসমওয়্যার আক্রমণের হার ৭৫ শতাংশ বেড়েছে। সম্প্রতি সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা বিষয়টি জানতে পেরেছেন। খবর আইএএনএস।
ট্রেন্ড মাইক্রোর একদল বিশেষজ্ঞ ২০২২ সালের প্রথমার্ধে র্যানসমওয়্যার হামলার বিষয়টি পর্যবেক্ষণ করেছে। গবেষকরা বলেন, দ্রুত বিস্তারের পাশাপাশি বেশি অর্থ আদায়ে হামলাকারীরা কীভাবে র্যানসমওয়্যারকে অ্যাজ আ সার্ভিস (আরএএএস) হিসেবে ব্যবহার করেছে সেটি আমরা দেখতে পেয়েছি। বড় ধরনের হামলার ক্ষেত্রে নতুন ধরনের র্যানসমওয়্যার ব্যবহার করেছে এবং লিনাক্সভিত্তিক সিস্টেমে হামলা বেড়েছে।
তথ্যানুযায়ী, ২০২২ সালের প্রথম ছয় মাসে ৬৭টি সক্রিয় আরএএএস ও চাঁদা আদায়কারী গ্রুপ এবং ১ হাজার ২০০টি ভুক্তভোগী প্রতিষ্ঠানের তথ্য পাওয়া গিয়েছে। র্যানসমওয়্যার পরিচালনাকারীরা ক্লাউড পরিষেবায় আক্রমণের জন্য তথাকথিত ও নতুন পদ্ধতি ব্যবহার করেছে। চলতি বছর গবেষকরা চিয়ারসক্রিপ্ট নামের নতুন একটি র্যানসমওয়্যারের সন্ধান পেয়েছেন। ইএসএক্সআই সার্ভারে আক্রমণের জন্য এটি ব্যবহার করা হয়েছিল।
গবেষক দলটি সতর্ক করে বলে, এন্টারপ্রাইজ পর্যায়ে এসব সার্ভার বেশি ব্যবহূত হয়। এগুলোয় সহজে হামলা হলে তা বড় প্রতিষ্ঠানগুলোর অবকাঠামোয় বিরূপ প্রভাব ফেলবে। ২০২২ সালের শুরুতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান তাদের কর্মীদের পূর্ণ সময়ের জন্য অফিসে যোগদানের নির্দেশ দেয়। তবে কিছু প্রতিষ্ঠান কর্মীদের পূর্ণকালীন হাইব্রিড বা রিমোট পর্যায়ে কাজ করার বিষয়টিকে সাদরে গ্রহণ করেছে।
এক বিবৃতিতে ট্রেন্ড মাইক্রো জানায়, কর্মক্ষেত্রের নতুন এ পরিবেশ ও ডিজিটাল প্লাটফর্মে ক্রমাগত আক্রমণের কারণে বিভিন্ন প্রতিষ্ঠানের অবকাঠামোর সুরক্ষা নিশ্চিত করা সাইবারনিরাপত্তা দলগুলোর জন্য কঠিন হয়ে পড়েছে। অন্যদিকে র্যানসমওয়্যার টুল কেনা বা ভাড়া দেয়ার ক্ষেত্রে সহায়তাকারী আরএএএস মডেলগুলো বছরের প্রথমার্ধে বিভিন্নভাবে আক্রমণে সহায়তা করেছে।
গবেষক দলটি জানায়, চলতি বছরের বাকি সময় সাইবার অপরাধীরা বড় ধরনের অর্থ আদায়ের জন্য নতুন র্যানসমওয়্যারের মাধ্যমে বড় বড় হামলা চালানোর চেষ্টা করবে। এর আগে ২০২২ সালের দ্বিতীয়ার্ধে র্যানসমওয়্যারের ধরন এবং এর ইকোসিস্টেম আরো শক্তিশালী হওয়ার ব্যাপারে জানিয়েছিলেন বিশেষজ্ঞরা। এতে বছরের বাকি সময় বড় প্রতিষ্ঠানের পাশাপাশি ছোট ও মাঝারি প্রতিষ্ঠানগুলোর কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
আইএএনএসে প্রকাশিত খবরে বলা হয়, চলতি বছর হ্যাকাররা ক্রিপ্টো অ্যাসেট চুরি করা অব্যাহত রাখবে। প্রযুক্তির উন্নয়নের সঙ্গে সঙ্গে র্যানসমওয়্যার গ্রুপগুলো তাদের অবকাঠামোও উন্নত করেছে এবং স্বাভাবিক ব্যবসার মতো তাদের কার্যক্রম পরিচালনা করছে।










