করোনার ওমিক্রন ভ্যারিয়েন্টে কর্মীদের আক্রান্তের শঙ্কায় উত্তর আমেরিকায় বেশ কয়েকটি রিটেইল স্টোর বন্ধ করেছে অ্যাপল। ব্লুমবার্গের বরাতে জানা গেছে, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও কানাডার অন্তত সাতটি স্থানের অ্যাপল স্টোর বন্ধ করে দেয়া হয়েছে। খবর এনগ্যাজেট।
বন্ধ হওয়া অ্যাপল স্টোরগুলোর মধ্যে রয়েছে ফ্লোরিডার ডেডল্যান্ড ও গার্ডেনস মল, আটলান্টার লেনোক্স স্কয়ার, হিউস্টনের হাইল্যান্ড ভিলেজ, টিএক্স, ওহাইওর সামিট মল, নিউ হ্যাম্পশায়ারের ফিসান্ট লেন এবং কানাডার মন্ট্রিয়লের সেন্ট-ক্যাথরিন। সম্প্রতি করোনা পরীক্ষায় অন্তত ১০ শতাংশ কর্মী আক্রান্তের খবর পাওয়া গেলে এ স্টোরগুলো বন্ধ করে দিয়েছে অ্যাপল। সংক্রামক ব্যাধি বিষয়ে শীর্ষ মার্কিন সংস্থা সিডিসি বলছে, ওমিক্রন ভ্যারিয়েন্ট যুক্তরাষ্ট্রজুড়ে প্রভাবশালী স্ট্রেইন হয়ে উঠেছে। এ অবস্থায় বাধ্যতামূলকভাবে মাস্ক পরার নীতি পুনর্বহাল করা এবং কর্মীদের অফিসে ফেরার সময় পিছিয়ে দিয়েছে অ্যাপল।
বিনামূল্যে বেশির ভাগ শহর এলাকায় ২ ঘণ্টার মধ্যে বিনামূল্যে পণ্য ডেলিভারির বিষয়টি প্রচারণায় এনেছে অ্যাপল। প্রচারণা অনুসারে বড়দিনের আগের দিন দুপুর পর্যন্ত এ সেবা চলবে। এতে শেষ মুহূর্তে যারা উপহার কিনতে চান, তারা সুবিধা পাবেন এবং এটি স্টোরের ভেতরে ভিড় কমাতেও সাহায্য করবে।










