এস২ অ্যাপের জন্য নতুন একটি আপডেট আনতে যাচ্ছে ওয়্যারলেস হোম সাউন্ড সিস্টেম পরিষেবা প্রতিষ্ঠান সনোস। এ আপডেটে যারা হোম থিয়েটার পছন্দ করেন, তাদের জন্য ওয়েলকাম ফিচার চালু করা হবে। এছাড়া প্রতিষ্ঠানটির বেশকিছু ডিভাইস ডিটিএস ডিজিটাল সারাউন্ড সাউন্ড ডিকোড করতে পারবে। খবর এনগ্যাজেট।
ডিকোডিংয়ের ফলে শ্রোতারা চলচ্চিত্র, গেমস ও অন্যান্য কনটেন্ট থেকে আরো ভালো শাব্দিক অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সনোসের আর্ক, সব প্রজন্মের বিম সাউন্ডবার, প্লেবার, প্লেবেজ ও অ্যাম্পে ডিটিএস সাপোর্ট ফিচার চালু হবে। স্পিকার যখন ডিটিএস ডিজিটাল সারাউন্ড অডিও সিস্টেমে চলবে, তখন ব্যবহারকারীরা তাদের সনোস অ্যাপের নাও প্লেয়িং স্ক্রিনে একটি ব্যাজ দেখতে পাবেন।
সারাউন্ড সিস্টেম সাপোর্ট ফিচারের পাশাপাশি এস২ আপডেটে ব্যাটারি সেভার অপশন যুক্ত করতে যাচ্ছে সনোস। বিশেষ করে ভ্রমণের ক্ষেত্রে এ ফিচার ব্যবহারকারীদের সহায়তা করবে। এ ফিচার চালুর পর ৩০ মিনিট নিষ্ক্রিয় থাকার পর স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। ডিভাইস পুনরায় চালু করতে হলে ম্যানুয়ালি পাওয়ার বাটন চাপতে হবে। সনোসের দাবি, স্পিকার সম্পূর্ণ রূপে বন্ধ থাকা অবস্থায় মুভ অপশন ৩০ দিন পর্যন্ত ও রোম ৭০ দিন পর্যন্ত ব্যাটারি সংরক্ষণ করতে পারে।
দুটি ফিচারের পাশাপাশি আইওএস অ্যাপসের নাও প্লেয়িং স্ক্রিনে ইকুয়ালাইজার (ইকিউ) সেটিংস যুক্ত করবে সনোস। ভলিউম স্লাইডারে ট্যাপ করার মাধ্যমে ব্যবহারকারীরা স্ক্রিনের ডানপাশে সেটিংস দেখতে পাবেন। আগামী কয়েক মাসের মধ্যে অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এ ফিচার ব্যবহার করতে পারবেন বলে জানা গেছে।










