চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে চিপ বিক্রি কমতে পারে বলে জানিয়েছে তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি (টিএসএমসি)। বৈশ্বিক অর্থনীতির অস্থিতিশীলতা ও চীন-মার্কিন সম্পর্কের টানাপড়েনের জেরে চলমান প্রান্তিকে ঝুঁকিপূর্ণ সময় পার করবে এ খাত। খবর রয়টার্স।
বিক্রি নেমে আসবে ১৬ শতাংশ পর্যন্ত। এমনটাই জানানো হয়েছে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে। টিএসএমসির পূর্বাভাস অনুযায়ী, ৩০ জুন দ্বিতীয় প্রান্তিকের শেষে আয় দাঁড়াবে ১ হাজার ৬০০ কোটি ডলারে। গত বছর সংখ্যাটি ছিল ১ হাজার ৮১৬ কোটি ডলার। এর আগে কোম্পানির পক্ষ থেকে জানানো হয় প্রথম প্রান্তিকে ২ শতাংশ আয় বৃদ্ধির কথা, কিন্তু এ বৃদ্ধির পরিমাণ খুবই সামান্য। প্রধান নির্বাহী সিসি ওয়েই দাবি করেছেন, প্রথম প্রান্তিকের ফল মূলত চাহিদা কমে যাওয়ার কারণে প্রভাবিত হয়েছে। তৃতীয় প্রান্তিক পর্যন্ত এর প্রভাব প্রসারিত হতে পারে। জানুয়ারি-মার্চ নিট আয় বেড়ে দাঁড়ায় ২০ হাজার ৬৯০ কোটি ডলারে। যদিও বার্ষিক হিসাবে প্রতিষ্ঠানটির আয় ৪ দশমিক ৮ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্লেষকদের মতে, দ্বিতীয় প্রান্তিকে চিপ বিক্রি চাপের মধ্যে থাকবে। ইলেকট্রনিকস পণ্য উৎপাদনকারীর জন্য দ্বিতীয় প্রান্তিককে বেশ মন্থর মৌসুম হিসেবে দেখা হয়। ২০২২ সালে টিএসএমসির শেয়ার দরে ২৭ দশমিক ১ শতাংশ পতন ঘটলেও চলতি বছরে ১৪ শতাংশে উন্নীত হয়।










