এজ ব্রাউজার ব্যবহারে বাধ্য করার মাধ্যমে মাইক্রোসফট বিগত সময়ে ব্যবহারকারী ও প্রযুক্তিবিদদের সমালোচনার শিকার হয়েছে। বিশেষ করে যারা এটি ব্যবহারে একেবারেই অনাগ্রহী তারা মাইক্রোসফটের এমন কাজে অনেকটাই ক্ষুব্ধ ছিলেন। চাইলেও সহজে ব্রাউজার পরিবর্তন করা যেত না। আশার বাণী হচ্ছে শিগগিরই এ সমস্যার সমাধান হতে যাচ্ছে। খবর টেকরাডার।

চলতি বছরের মার্চে উইন্ডোজ ১১-তে ব্রাউজার পরিবর্তনের পদ্ধতি সংস্কার করা হয়েছে। তবে উইন্ডোজ ১০-এর পুরনো সংস্করণে এটি আরো সহজ ও পরিষ্কার।

অন্যদিকে ক্রোম ব্রাউজার ও উইন্ডোজ ১০-এর ২২এইচ২ আপডেটের মাধ্যমে যে কেউ সহজেই তাদের ডিফল্ট ব্রাউজার সেটিংস থেকে পরিবর্তন করতে পারবে। এজন্য মূল সেটিংসে প্রবেশ করে ডিফল্ট অ্যাপস ক্যাটাগরি থেকে অ্যাপ পরিবর্তন করা যাবে। বিশ্লেষকদের আশা, উইন্ডোজ ১১-তে এটি যুক্ত হলে আরো ভালো হবে।

বাজারের অন্যান্য প্রতিযোগী ব্রাউজার ফায়ারফক্স ও অপেরা আগে থেকে ডিফল্ট ব্রাউজার পরিবর্তনে ওয়ান ক্লিক সুবিধা দিয়ে আসছে। গুগল ক্রোমও যদি এ পদ্ধতিতে কাজ করে, তাহলে ব্রাউজারগুলোর ফিচার ও কর্মক্ষমতাভিত্তিক প্রতিযোগিতা বাড়বে। ব্রাউজার পরিবর্তনে গ্রাহকদের পপ আপ নোটিফিকেশনের মাধ্যমে শুধু মাইক্রোসফটই যে বাধা দিয়ে থাকে তা নয়। অন্যান্য ব্রাউজার কোম্পানিগুলোও একই পদ্ধতি অবলম্বন করে। উইন্ডোজ ১১-এর ২১এইচ২ ভার্সনে ফিচারটির কার্যকারিতা যাচাইয়ের চেষ্টা করা হলেও কোনো ইতিবাচক ফল পাওয়া যায়নি।