চলতি বছরের মে মাসে অ্যান্ড্রয়েড ও আইএস অপারেটিং সিস্টেমের জন্য ইমেজ ক্রপিং অ্যালগরিদম সরিয়ে দেয় মাইক্রোব্লগিং প্লাটফর্ম টুইটার। এরপর থেকে ব্যবহারকারীরা স্ক্রলিংয়ের সময় সম্পূর্ণ ছবি দেখতে পারছেন। বর্তমানে ওয়েব ভার্সনের ব্যবহারকারীদের জন্যও এ ফিচার চালু করছে প্লাটফর্মটি। খবর টাইমস অব ইন্ডিয়া।
ওয়েব ভার্সনের ব্যবহারকারীরা এখন তাদের ফিডে ও প্রোফাইলে পূর্ণ আকৃতির ছবি দেখতে পাবেন। অফিশিয়াল সাপোর্ট হ্যান্ডেলের মাধ্যমে টুইটার নতুন এ ফিচার চালুর বিষয়ে জানায়। এ ফিচার চালুর আগে ব্যবহারকারীদের পুরো ছবি দেখার জন্য পিকচারে ট্যাপ করতে হতো। চলতি বছরের মার্চ থেকে প্লাটফর্মটি এ ফিচারের পরীক্ষামূলক ব্যবহার শুরু করে। এর আগে ব্যবহারকারীরা প্লাটফর্মটির ক্রপিং অ্যালগরিদম পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ করেছিল।
নতুন ফিচারের বিষয়ে টুইটারের এমএল এথিকস, ট্রান্সপারেন্সি ও অ্যাকাউন্টেবিলিটি (এমইটিএ) বিভাগের পরিচালক রুম্মান চৌধুরী বলেন, ব্যবহারকারীদের প্লাটফর্মে ছবি কীভাবে আসবে, সে বিষয়ে অধিক নিয়ন্ত্রণ সুবিধা প্রদানের পাশাপাশি টাইমলাইনে ছবি কীভাবে দেখা যাচ্ছে সে অভিজ্ঞতার উন্নয়নে এ ফিচার নিয়ে কাজ শুরু হয়।










