আইফোন, আইপ্যাড ও ম্যাকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি স্বীকার করেছে অ্যাপল। এ ত্রুটির ফলে কোনো ডিভাইসের নিয়ন্ত্রণ নিয়ে ফেলতে পারে হ্যাকার গোষ্ঠী।
সম্প্রতি দুটি নিরাপত্তা প্রতিবেদন প্রকাশ করেছে অ্যাপল কিন্তু প্রযুক্তি দুনিয়ার বাইরে তা তেমন সাড়া ফেলেনি। নিজস্ব প্রতিবেদনে অ্যাপল জানায়, নিজস্ব অপারেটিং সিস্টেমে সম্প্রতি একটি সফটওয়্যার বাগ খুঁজে পাওয়া গিয়েছে। ক্রেতাদের তাত্ক্ষণিকভাবে ডিভাইসের সফটওয়্যার আপডেট করার তাগাদা দিয়েছে এ কোম্পানি।
বার্তা সংস্থা এপির বরাতে জানা গিয়েছে, হ্যাকার ও সাইবার অপরাধীরা দীর্ঘদিন ধরে সক্রিয়ভাবে বাগটির সুযোগ নিচ্ছে বলে আশঙ্কা করছে অ্যাপল। নতুন এ নিরাপত্তা দুর্বলতা আবিষ্কারের পর অ্যাপল বুধ ও বৃহস্পতিবার নতুন সফটওয়্যার আপডেট ছেড়েছে। নিরাপত্তা ঝুঁকিতে থাকা ডিভাইস ও হার্ডওয়্যারের তালিকাও প্রকাশ করেছে তারা।
অ্যাপল বলছে, সফটওয়্যার বাগটির সুযোগ নিয়ে ডিভাইসের অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ দখল করতে পারবে হ্যাকাররা। অপারেটিং সিস্টেমের নিয়ন্ত্রণ নেয়ার পর তারা নিজেদের কোডও জুড়ে দিতে পারবে।
এছাড়া বাগটি ব্যবহার করে ওয়েব কনটেন্টের মাধ্যমে ডিভাইসে অনুপ্রবেশ সম্ভব বলে জানিয়েছে আইফোন নির্মাতা।
কেবল বহনযোগ্য ডিভাইসে নয়, বাগটির কারণে নিরাপত্তা ঝুঁকিতে আছে ম্যাক কম্পিউটারের অপারেটিং সিস্টেম। এছাড়া অ্যাপলের সাফারি ব্রাউজারেও বাগটির উপস্থিতি আছে বলে জানিয়েছে ক্যালিফোর্নিয়ার কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটি। এরই মধ্যে ক্রেতাদের অ্যাপল ডিভাইস আপডেট করার পরামর্শ দিয়েছেন সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা।










