আগামী ১০ বছরে এক হাজার মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে আদানি গ্রুপ মালিকানাধীন প্রতিষ্ঠান আদানিকনেক্স, যা বর্তমানে ভারতের মোট শিল্প খাতের প্রায় দ্বিগুণ। সম্প্রতি প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সূত্রে এ তথ্য জানা গিয়েছে। খবর ইটিটেলিকম।
আদানিকনেক্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও ডাটা সেন্টার ব্যবসার প্রধান সঞ্জয় ভুটানি বলেন, মুম্বাই, চেন্নাই, হায়দরাবাদ, দিল্লি, বেঙ্গালুরু ও পুনেতে প্রথম সাতটি ডাটা সেন্টার স্থাপন করা হবে। ৯.৯ গ্রুপের চিফ ইনফরমেশন অফিসার ও প্রধানের সম্মেলনে ভুটানি বলেন, এক দশকের মধ্যে এক হাজার মেগাওয়াটের ডাটা সেন্টার তৈরি করা আমাদের ব্যবসায়িক পরিকল্পনার অন্যতম অংশ।
বাজার গবেষণাপ্রতিষ্ঠান অ্যারিজটোনের তথ্যানুযায়ী, ২০২১ সালে ভারতের ডাটা সেন্টার বাজার ৪৪৭ মেগাওয়াটে পৌঁছেছে, যার বাজারমূল্য ১ হাজার ৯০ কোটি ডলার। ভুটানি জানান, যে ছয়টি শহরে প্রথম সাতটি ডাটা সেন্টার স্থাপন করা হবে তিন বছরের মধ্যে সেগুলোর সক্ষমতা ৪৫০ মেগাওয়াটে পরিণত করা হবে। তিনি আরো বলেন, ডাটা সেন্টার ব্যবসার জন্য সমুদ্রের তলদেশ দিয়ে কেবল সংযোগে যুক্ত হওয়া মুখ্য। এদিক থেকে মুম্বাই ও চেন্নাই প্রধান দুটি স্থান, যেগুলো আন্ডার সি কেবলের মাধ্যমে যুক্ত।










