২০২৮ সাল পর্যন্ত আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে (আইএসএস) সমর্থন অব্যাহত রাখবে রাশিয়া। সম্প্রতি ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন এক ঘোষণায় এ কথা জানিয়েছে। খবর এনগ্যাজেট।

এর আগে রাশিয়ার নিয়ন্ত্রক সংস্থা রসকসমসের ডিরেক্টর জেনারেল ইউরি বরিসভ জানিয়েছিলেন, ২০২৪ সালের পর দেশটি আইএসএস থেকে সমর্থন প্রত্যাহার করবে। পাশাপাশি নিজস্ব মহাকাশ স্টেশন তৈরিতে কাজ করবে।

অবশ্য ২০২৪ সালের পর দেশটির সমর্থন বা সহায়তার সময়কাল অনেকটা অস্পষ্ট। রসকসমসের সার্জেই ক্রিকালেভ জানান, এটা ২০২৫, ২৮ বা ৩০ ও হতে পারে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র, জাপান, কানাডাসহ অন্যান্য অংশগ্রহণকারী দেশ ২০৩০ সাল পর্যন্ত সহযোগিতা ও সমর্থন অব্যাহত রাখার কথা জানিয়েছে।

ইউক্রেনে সামরিক আগ্রাসন শুরুর পর রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র বিভিন্ন পশ্চিমা দেশ। ওই সময় রসকসমসের তৎকালীন পরিচালক দিমিত্রি রোগোজিন সংস্থাটির পশ্চিমা সদস্যদের সঙ্গে কাজ না করার হুমকি দেন।

এক বিবৃতিতে তিনি বলেছিলেন, ‘আন্তর্জাতিক মহাকাশ স্টেশন ও অন্যান্য প্রকল্পে যুক্ত থাকা পশ্চিমা সহযোগীদের সঙ্গে কাজ করার একটাই উপায়। তা হলো কোনো শর্ত ছাড়াই আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা।’

রসকসমস বর্তমানে আইএসএসের অন্য সহযোগীদের সঙ্গে কাজ করার বিষয়ে সম্মতি দিলেও, আগ্রাসন শুরুর আগে থেকেই যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে টানাপড়েন শুরু হয়। বর্তমানে যা আরো বাড়ছে। যে কারণে নাসার শংকা রাশিয়া হয়তো সবার আগে বেরিয়ে যেতে পারে। রাশিয়া যদি হঠাৎ করে আইএসএস থেকে বেরিয়েও যায় তার বিকল্প ভেবে রেখেছে নাসা ও হোয়াইট হাউজ।