বিশ্বের প্রথম হাইব্রিড স্পেস রকেট উৎক্ষেপণ করেছে ইনোস্পেস। হাইব্রিড স্পেস রকেট তৈরিতে বিশেষায়িত দক্ষিণ কোরিয়ান স্টার্টআপটি এ তথ্য জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানায়, ব্রাজিলের আলকান্তারা স্পেস সেন্টার থেকে সম্প্রতি ৮ দশমিক ৪ টন ওজনের একক পর্যায়ের হাইব্রিড রকেট উৎক্ষেপণ করা হয়েছে। খবর দ্য কোরিয়া হেরাল্ড।
ইনোস্পেসের সম্প্রতি উৎক্ষেপণ করা রকেটটির নাম হ্যানবিট-টিএলভি। এটি কোরিয়ার ইতিহাসে প্রথম বেসরকারি খাতের রকেট উৎক্ষেপণ। তবে প্রতিষ্ঠানটির দাবি, হ্যানবিট-টিএলভি ছিল বিশ্বের প্রথম হাইব্রিড রকেট উৎক্ষেপণ। এর আগে বেশ কয়েকবার উৎক্ষেপণের তারিখ নির্ধারণ করা হলেও আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে সময় পেছাতে হয়েছে।
ইনোসেন্স কর্তৃপক্ষ জানিয়েছে, উৎক্ষেপণটি হাইব্রিড রকেট ইঞ্জিনের পারফরম্যান্স মূল্যায়নে একটি পরীক্ষামূলক প্রকল্প। এটি পরে হ্যানবিট-ন্যানো রকেটের প্রথম পর্যায়ের ইঞ্জিন হিসাবে ব্যবহার করার পরিকল্পনা করছে ইনোস্পেস। প্রতিষ্ঠানটি ২০২৪ সালের মধ্যে বাণিজ্যিকভাবে ছোট আকৃতির স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনাও গ্রহণ করেছে। এ লক্ষ্যে এরই মধ্যে ৫০ কিলোগ্রামের একটি বহন ক্ষমতাসম্পন্ন হ্যানবিট-ন্যানো তৈরি করছে নির্মাতা প্রতিষ্ঠানটি। ইনোস্পেসের মতে, সলিড ফুয়েল এবং লিকুয়িড অক্সিডাইজার ব্যবহার করা হাইব্রিড রকেট প্রযুক্তির বিভিন্ন সুবিধা রয়েছে। এর মূল সুবিধা হলো উৎপাদন খরচ এবং সময় উভয়ই কম দরকার হয়। পাশাপাশি ইঞ্জিনের বিস্ফোরণ রোধ এবং পারিপার্শ্বিক নিরাপত্তাসংক্রান্ত বিষয়টিও নিশ্চিত করা যায়।
ইনোস্পেসের সিইও কিম সু-জং বলেন, ‘মহাকাশ উৎক্ষেপণ যন্ত্রের উন্নয়ন হচ্ছে ক্রমাগত পরিবর্তনশীল বিষয়গুলোকে প্রতিদিন ছাড়িয়ে যাওয়ার একটি প্রক্রিয়া। পরীক্ষামূলকভাবে উৎক্ষেপণের মাধ্যমে অর্জিত অভিজ্ঞতা ও দক্ষতা আমাদের মূল প্রযুক্তি নির্মাণে সহায়ক হবে। স্বাধীনভাবে প্রযুক্তি নির্মাণ ও উৎক্ষেপণ পরিচালন ক্ষমতাসম্পন্ন একটি পেশাদার মহাকাশ সংস্থা হয়ে উঠতে এটি আমাদের জন্য বড় একটি পদক্ষেপ।’










