এশিয়ার অন্যতম দেশ ভারতে কয়েক বছরে ব্যক্তিগত লোন অ্যাপের ব্যাপক বিস্তার হয়েছে। এসব অ্যাপ ব্যবহারের কারণে ভোগান্তি থেকে শুরু করে হয়রানি এমনকি আত্মহত্যার মতো ঘটনাও ঘটেছে। পাশাপাশি ঋণের দুষ্টচক্রে অনেকেই আটকা পড়ে আত্মহত্যার পথও বেছে নিয়েছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে প্লে স্টোর থেকে দুই হাজারের বেশি লোন অ্যাপ অপসারণ করেছে গুগল। খবর গ্যাজেটস নাউ।
নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে গুগল এশিয়া প্যাসিফিকের সিনিয়র পরিচালক এবং ট্রাস্ট অ্যান্ড সেফটি বিভাগের প্রধান সৈকত মিত্র জানান, ভারতে যেসব অ্যাপ ব্যবহারকারীদের ভুক্তভোগীতে পরিণত করছিল এমন বেশকিছু অ্যাপ প্লাটফর্ম থেকে সরিয়ে দিয়েছে গুগল। প্রতিষ্ঠানের ভবিষ্যৎ পরিকল্পনার বিষয়ে বিস্তারিত না জানালেও সৈকত বলেন, ব্যবহারকারীদের ব্যক্তিগত লোন অ্যাপের হাত থেকে সুরক্ষিত রাখতে গুগল কাজ করছে। এখন পর্যন্ত প্লে স্টোরের নীতিমালা ভঙ্গ করায় সার্চ ইঞ্জিন জায়ান্টটি প্রায় দুই হাজারের কাছাকাছি ব্যক্তিগত লোন প্রদানকারী অ্যাপ বন্ধ করে দিয়েছে।
চলতি বছরের মে মাসের শুরুতে প্লে স্টোরে থাকা ব্যক্তিগত অ্যাপের নীতিমালায় বেশকিছু পরিবর্তন আনে গুগল। এখন থেকে ব্যক্তিগত লোন প্রদান অ্যাপ হিসেবে কার্যক্রম পরিচালনা করতে হলে অনুমতিপত্র গ্রহণ করতে হবে। কোনো অ্যাপ যদি প্লে স্টোরে যুক্ত হতে চায়, তাহলে অনুমতির পক্ষে তাদের প্রয়োজনীয় নথি দেখাতে হবে। ভারতের রিজার্ভ ব্যাংক যদি কোনো অ্যাপকে লাইসেন্স দিয়ে থাকে, তাহলে গুগলের কাছে সেটির একটি কপি সরবরাহ করতে হবে।
যদি কোনো অ্যাপ সরাসরি ঋণ প্রদানের সঙ্গে জড়িত না থাকে কিংবা রেজিস্টার্ড নন-ব্যাংকিং আর্থিক পরিষেবা প্রতিষ্ঠানগুলোকে অর্থ লেনদেনে সহায়তা করে থাকে, তাহলে সে বিষয়টি ঘোষণাপত্রে পরিষ্কারভাবে উল্লেখ করে দিতে হবে। এছাড়া নন-ব্যাংকিং আর্থিক পরিষেবা প্রদানকারী সব প্রতিষ্ঠান ও ব্যাংকের তথ্য অ্যাপে বিস্তারিতভাবে উল্লেখ করতে হবে।










