ফুড ডেলিভারি কর্মীদের ন্যূনতম মজুরি বাড়িয়েছে নিউইয়র্ক নগর কর্তৃপক্ষ। এখন থেকে এ খাতের কর্মীদের ঘণ্টাপ্রতি ১৮ ডলার দিতে হবে। খবর এনগ্যাজেট।

জুলাই থেকে উবার ইটস ও গ্রাবহাবসহ ডেলিভারি অ্যাপগুলোকে কর্মীদের ঘন্টায় ১৭ ডলার ৯৬ সেন্ট ও বিশেষ বোনাস দিতে হবে। ১২ জুলাইয়ের মধ্যে এ নীতিমালা কার্যকর করতে হবে।

নিউইয়র্কের ডিপার্টমেন্ট অব কনজিউমার অ্যান্ড ওয়ার্কার প্রোটেকশন (ডিসিডব্লিউপি) এজেন্সি বলছে, উবার, গ্রাবহাব এবং ডোরড্যাশ তাদের ডেলিভারি কর্মীদের চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে। ফলে কর্মীরা বেশি কর দেয় এবং প্রায়ই নিজদের পকেট থেকে অফিসের ব্যয় নির্বাহ করে। তাই ডেলিভারি কর্মীদের জন্য ঘণ্টাভিত্তিক বেতন নির্ধারণ করেছে কর্তৃপক্ষ।

ডিসিডব্লিউপির তথ্য মতে, নিউইয়র্কে ৬০ হাজারেরও বেশি ফুড ডেলিভারিম্যান রয়েছে। যারা ঘন্টায় গড়ে মাত্র ৭ ডলার ৯ সেন্ট মজুরি পেয়ে আসছেন। তবে সোমবার শহর কর্তৃপক্ষ ঘোষিত চূড়ান্ত মজুরির হার ২০২২ সালে ডিসিডব্লিউপি এজেন্সি ঘোষিত ঘণ্টায় ২৩ দশমিক ৮২ এর চেয়ে কম।

মার্চ মাসে ডিসিডব্লিউপি ‘মাল্টি-অ্যাপিং’ এর ক্ষেত্রে নীতিমালায় কিছু সংশোধন এনেছে। কেননা অনেক কর্মী একই সময়ে একাধিক অ্যাপের হয়ে ফুড ডেলিভারির কাজ করে থাকেন।

উবার এবং গ্রাবহাবসহ অ্যাপ কোম্পানিগুলো এ ধরণের নিয়ন্ত্রণে নাখোশ হলেও নীতিমালা মেনে চলবে। গ্রাবহাবের এক মুখপাত্র বলেন, আমরা বিশ্বাস করি নিউইয়র্ক নগর কর্তৃপক্ষের উদ্দেশ্য ভালো। কিন্তু আমরা ডিসিডব্লিউপির চূড়ান্ত সিদ্ধান্তে হতাশ। এটি  ডেলিভারি কর্মীদের জন্য বিরূপ পরিণতি বয়ে আনবে।

উবারের মুখপাত্র জোশ গোল্ড এনগ্যাজেটকে বলেছেন, ‘শহর কর্তৃপক্ষ ডেলিভারি কর্মীদের কাছে মিথ্যা বলছে। ঘণ্টায় ৩০ ডলার প্রদানের মাধ্যমে মূলত কর্মী ও ট্রিপ সংখ্যা কমাতে চায় এবং বাকি কর্মীদের দিয়ে দ্রুত অর্ডার সম্পন্ন করতে বাধ্য করবে।

ডেলিভারি অ্যাপগুলো কীভাবে তাদের কর্মীদের বেতন দিবে তা তাদের উপরই  নির্ভর করে। তবে কর্তৃপক্ষের নির্ধারিত ন্যূনতম মজুরি হার লঙ্ঘন করা যাবে না।