কভিড-১৯-এর সংক্রমণ প্রতিরোধ কার্যক্রমের অংশ হিসেবে চীনের শেনজেন শহরে উৎপাদন স্থগিত করেছে অ্যাপলের অন্যতম দুই সরবরাহকারী ফক্সকন ও ইউনিমাইক্রন টেকনোলজি করপোরেশন। খবর রয়টার্স।
চীনের সিলিকন ভ্যালি হিসেবে পরিচিত শেনজেন। প্রদেশটির দক্ষিণাঞ্চলে নতুন করে করোনাভাইরাসে আক্রান্তের তথ্য পাওয়ায় বিস্তৃতভাবে শনাক্তকরণ পরীক্ষা শুরু হয়েছে। শহরটির প্রশাসনিক কর্মকর্তারা গণপরিবহন চলাচল নিষিদ্ধ করেছেন এবং অধিবাসীদের চলতি সপ্তাহে বাসা থেকে কাজ করার আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে ফক্সকন জানায়, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত শেনজেনে তাদের কার্যক্রম বন্ধ থাকবে। তবে উৎপাদন স্থগিতের ফলে যে বিরূপ প্রভাব পড়বে, সেটি নিরসনে ব্যাকআপ প্লান্ট চালুর কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এ বিষয়ে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানায়, চলতি সপ্তাহের প্রথমার্ধে শেনজেনে ফক্সকন ও তার সহযোগী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ থাকবে।
অন্য একটি সূত্র জানায়, প্রতিষ্ঠানগুলো যদি ক্লোজড ম্যানেজমেন্ট পদ্ধতিতে কর্মীদের বাবলে থাকা ও কাজ করার পরিবেশ তৈরি করে দিতে পারে তাহলে দেশটির সরকার কার্যক্রম চালু রাখার অনুমতি দেবে। বেইজিংয়ে অনুষ্ঠিত উইন্টার অলিম্পিকে এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছিল। ইউনিমাইক্রন টেকনোলজি মূলত ইন্টেলের কাছে চিপ সাবস্ট্রেট ও প্রিন্টেড সার্কিট বোর্ড সরবরাহ করে। অন্যদিকে সানফ্লেক্স টেকনোলজি ফ্লেক্সিবল প্রিন্টেড সার্কিট বোর্ড সরবরাহ করে। সানফ্লেক্স জানায়, আগামী রোববার পর্যন্ত তাদের কারখানা বন্ধ থাকবে। এ বিষয়ে অ্যাপল ও ইন্টেলের সঙ্গে যোগাযোগ করা হলেও তাত্ক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।










