গত মাসে বিশ্বের বেশ কয়েকটি অঞ্চলে নকিয়া টি২০ ট্যাবলেট পিসি উন্মোচনের পর এবার চীনের বাজারে প্রি-অর্ডার হচ্ছে এর শিক্ষামূলক সংস্করণের। চীনা গ্রাহকদের এটি কিনতে ব্যয়  হবে ২ হাজার ৯৯৯ ইউয়ান বা ৪৭১ ডলার। ১২ ডিসেম্বর প্রি-অর্ডারকৃত ট্যাবলেট পিসির ডেলিভারি দেয়া শুরু হবে। যারা প্রি-অর্ডার দিচ্ছেন তারা সঙ্গে পাবেন একটি ব্লুটুথ স্পিকার ও একটি স্টাইলাস। খবর গিজমোচায়না।

নামেই স্পষ্ট এটি ছাত্রদের চাহিদা লক্ষ্য করে বাজারে আনা হয়েছে। ১০ দশমিক ৪ ইঞ্চির ২কে ডিসপ্লেতে থাকছে ১২০০*২০০০ পিক্সেলের স্ক্রিন রেজল্যুশন। এটি সুইস এসজিএস নিম্ন নীল আলোর ছাড়পত্র পেয়েছে, যা ব্যবহারকারীদের চোখের সুরক্ষা দেবে এবং যেকোনো জায়গায় ব্যবহার করা যাবে।

এতে রয়েছে ইউনিসকের টি৬১০ প্রসেসর। ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজের সঙ্গে থাকছে মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুবিধা, যাতে ইচ্ছেমতো স্টোরেজ বাড়ানো যাবে। এছাড়া ডিভাইসে অভিভাবকদের নিয়ন্ত্রণ রাখতে রয়েছে প্যারেন্টাল কন্ট্রোল ব্যবস্থা। উইচ্যাটের মাধ্যমে সন্তানের মা-বাবা কিংবা অভিভাবক এর ব্যবহার নিয়ন্ত্রণ করতে পারবেন। যেকোনো গেমস বা সফটওয়্যার ডাউনলোডে তাদের অনুমোদন লাগবে।

৮ হাজার ২০০ এমএএইচের ব্যাটারি চার্জে ব্যবহার করা যাবে ১৫ ওয়াটের পিডি ফাস্ট চার্জার। তবে ট্যাবলেট পিসির সঙ্গে সরবরাহ করা হচ্ছে ১০ ওয়াটের একটি চার্জার।