এক বছর আগে বাজারে আনা ওয়ানপ্লাস বাডস জেডের সাফল্যের অংশ হিসেবে বাডস জেড২ উন্মোচন করেছে ওয়ানপ্লাস। আপডেটের অংশ হিসেবে নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডসে অ্যাকটিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) এবং উন্নত অডিও ড্রাইভার দেয়া হয়েছে।

ওয়ানপ্লাস বাডস জেড২-তে ১১ মিলিমিটারের ডায়নামিক অডিও ড্রাইভার দেয়া হয়েছে, যা বাডস জেডে থাকা ড্রাইভারের তুলনায় একটু বড়। এতে অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন (এএনসি) ফিচারও দেয়া হয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, বাডস জেড২ ইয়ারবাডসটি ৪০ ডেসিবল পর্যন্ত নয়েজ ক্যানসেলেশন সুবিধা প্রদানে সক্ষম। পাশাপাশি ব্যবহারকারীরা ট্রান্সপারেন্সি মোডও ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে গান শোনার সময় বা ফোনকলে কথা বলার সময় পারিপার্শ্বিক শব্দও শুনতে পারবেন।

বাডস জেড২-এর ডিজাইনেও পরিবর্তন এনেছে ওয়ানপ্লাস। প্রতিষ্ঠানটি জানায়, নতুন ইয়ারবাডসে ১৫ শতাংশ ছোট স্টেম এবং হালকা উপাদান ব্যবহার করা হয়েছে। ইয়ারবাডসে আইপি ৫৫ বডি রেট রয়েছে। ফলে ধুলো, পানি ও ঘাম কোনো কিছুতেই এর ক্ষতি হবে না। এছাড়া ইয়ারবাডসের চার্জিং কেসকে পানির ঝাপটা থেকে সুরক্ষিত রাখতে আইপিএক্স ৪ রেটেড কোটিং দেয়া হয়েছে।

প্রতিটি ওয়ানপ্লাস বাডস জেড২-তে তিনটি মাইক্রো-ইলেকট্রোমেকানিক্যাল সিস্টেম মাইক্রোফোন দেয়া হয়েছে। এগুলো ফিডব্যাক, ফিডফরোয়ার্ড ও বিমফর্মিং মাইক্রোফোন হিসেবে কাজ করে। গান শোনার ক্ষেত্রে উন্নত অভিজ্ঞতার জন্য এতে ডলবি অ্যাটমস ফিচারও দেয়া হয়েছে।

ওয়ানপ্লাস বাডস জেড২-তে ব্লুটুথ ভার্সন ৫.২ রয়েছে। ফলে প্রো গেমিং মোডের সময় ব্যবহারকারীরা ৯৪ মিলি সেকেন্ডের কাছাকাছি লো ল্যাটেন্সি পাবে। ইয়ারবাসগুলোতে সিনেম্যাটিক মুভি, ইমারসিভ মিউজিক এবং মোবাইল গেমিং মোড রয়েছে। প্রয়োজন অনুযায়ী ব্যবহারকারীরা সেটিংস পরিবর্তন করে নিতে পারবেন।

প্রতিষ্ঠানটির দাবি, ইয়ারবাডসটি একবারের চার্জে কেসসহ ৩৮ ঘণ্টা পর্যন্ত চলতে সক্ষম। ফ্ল্যাশ চার্জ ফাস্ট চার্জিং ব্যবহার করে মাত্র ১০ মিনিটের চার্জে ৫ ঘণ্টা চলতে সক্ষম। বাজারে পার্ল হোয়াইট ও অবসিডিয়ান ব্ল্যাক শেডস এ দুই রঙে ইয়ারবাডসগুলো পাওয়া যাবে। এর মূল্য ৯৯ ডলার।

 

—গ্যাজেটস থ্রিসিক্সটি