রয়্যালিটি-সংক্রান্ত বিরোধের কারণে কেভিন হার্ট, টিফানি হ্যাডিস, জন মুলান ও জিম গ্যাফিগানের মতো বিখ্যাত কৌতুক অভিনেতাদের কিছু কনটেন্ট সরিয়ে দিচ্ছে স্পটিফাই। খবর দ্য ভার্জ।

এ বিষয়ে প্রথম প্রতিবেদন প্রকাশ করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল। যখন স্পটিফাই, প্যান্ডোরা, ইউটিউব ও সিরিয়াসএক্সএমের মতো প্লাটফর্মে অভিনেতাদের কৌতুক বাজানো হচ্ছে, তখন তারা সেগুলোর জন্য রয়্যালিটির দাবি জানাচ্ছেন।

রয়্যালিটি দাবির কার্যক্রমে সম্মতি জানিয়েছে গ্লোবাল রাইটস অ্যাডমিনিস্ট্রেশন কোম্পানি স্পোকেন জায়ান্টস। বিশ্বে যারা বিনোদন প্রদানে কাজ করেন, তাদের কথিত বা ব্যক্ত কৌতুক যেন যথার্থ সম্মানী পায়, সেজন্য প্রতিষ্ঠানটি কাজ করে। ওয়াল স্ট্রিট জার্নালের তথ্যানুযায়ী, কৌতুক অভিনেতারা তাদের লেবেল বা পরিবেশকের মাধ্যমে পারিশ্রমিক পান। পাশাপাশি ডিজিটাল পারফরম্যান্স রাইটস অর্গানাইজেশনের সাউন্ড এক্সচেঞ্জের মাধ্যমে কোনো ডিজিটাল সার্ভিস তাদের কনটেন্ট প্লে করলে অর্থ পেয়ে থাকেন। তবে প্রযুক্তিগতভাবে বিষয়বস্তু লেখার ক্ষেত্রে তারা ক্ষতিপূরণ পান না। যেটি বাস্তবায়নে স্পোকেন জায়ান্টরা দীর্ঘদিন থেকে চেষ্টা করে আসছেন।

স্পোকেন জায়ান্টদের সঙ্গে আলোচনায় ব্যর্থ হয়ে স্পটিফাই তাদের প্লাটফর্ম থেকে কয়েকশর বেশি কৌতুক অভিনেতার কনটেন্ট সরিয়ে দিয়েছে। এক বিবৃতিতে স্পটিফাই জানায়, কনটেন্ট ব্যবহারের জন্য তারা এরই মধ্যে স্রষ্টাদের ভালো পরিমাণের অর্থ দিয়েছে। ভবিষ্যতেও অর্থ প্রদানের বিষয়ে তারা আশা প্রকাশ করেছে।

পুনরায় কনটেন্ট ব্যবহারের জন্য কিংবা স্পোকেন জায়ান্টদের সঙ্গে সমঝোতার জন্য স্পটিফাই পুনরায় যোগাযোগ করবে কিনা সে বিষয়ে পরিষ্কার কোনো তথ্য পাওয়া যায়নি।