সম্প্রতি টুইটারকে ৩০ লাখ রুবল বা ৪০ হাজার ৯২০ ডলার জরিমানা করেছে রাশিয়া। সংশ্লিষ্টরা জানিয়েছেন, রাশিয়ার বিবেচনায় ‘অবৈধ’ একটি কনটেন্ট সরিয়ে ফেলতে ব্যর্থ হওয়ায় প্রতিষ্ঠানটিকে জরিমানা করেছে তারা। খবর রয়টার্স।

চলতি বছর টেক জায়ান্টদের ওপর নানাভাবে চাপ সৃষ্টি করেছে রাশিয়া। বিশেষজ্ঞরা বলছেন, ইন্টারনেটের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে এ ব্যবস্থা নিয়েছে রাশিয়া। এ কারণে বিভিন্ন সময় তীব্র সমালোচনার শিকার হতে হয়েছে পুতিন সরকারকে। বিশ্লেষকরা বলছেন, এ ধরনের বাধা-নিষেধের কারণে প্রাতিষ্ঠানিক স্বাধীনতার পাশাপাশি ব্যক্তিগত স্বাধীনতাও হুমকির মুখে পড়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারকে ৩০ লাখ রুশ রুবল বা ৪০ হাজার ৯২০ ডলার জরিমানা করল দেশটি। এর আগে গুগলকেও একই কারণে জরিমানা করেছে পুতিন সরকার।

এদিকে অবৈধ কিছু প্রচার করে না টুইটার বলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়। তবে মস্কোর তাহানস্কি জেলা কোর্ট টুইটারকে অবৈধ কনটেন্ট সরিয়ে ফেলতে ব্যর্থ হওয়ায় জরিমানা করেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পরবর্তী সময়ে কোর্টের পক্ষ থেকে জানানো হয়, একই কারণে এর আগেও মাইক্রোসফটের কেনা সফটওয়্যার ডেভেলপমেন্ট ওয়েবসাইট জিটহাবকে ১০ লাখ রুশ রুবল জরিমানা করা হয়েছে।