২০২২ সালে স্মার্টফোনের জন্য ফাইভজি মিলিমিটার ওয়েভ প্রসেসর আনার ঘোষণা দিয়েছে মিডিয়াটেক। এর সঙ্গে ওয়াই-ফাই ৭ সলিউশনও থাকতে পারে। খবর গিজমোচায়না।
সম্প্রতি প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাই লিক্সিং এ কথা জানান। এর মাধ্যমে প্রতিষ্ঠানটির আয় ১০-২০ শতাংশ বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি। ২০২০ সালের তুলনায় এটি নগণ্য হলেও পূর্বের তুলনায় বেশি।
স্মার্টফোন ছাড়াও অন্যান্য ডিভাইসের জন্য চিপ উৎপাদনে মিডিয়াটেক ভালো অগ্রসর হয়েছে। সম্প্রতি ক্রোমবুকের জন্য কম্প্যানিও এবং এইটকে ১২০ হার্জের টেলিভিশনের জন্য পেনটানিও ২০০০ সিরিজের চিপ আনার ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোনের জন্য উৎপাদিত প্রসেসর থেকেই প্রতিষ্ঠানটির সিংহভাগ আয় হয়ে থাকে। তাই এটি স্পষ্ট, তাইওয়ানের চিপ উৎপাদনকারী প্রতিষ্ঠানটি নতুন উদ্ভাবনের মাধ্যমে প্রতিযোগিতায় এগিয়ে থাকতে চায়। পাশাপাশি অত্যাধুনিক প্রযুক্তি প্রদানে সর্বদা সচেষ্ট।
লিক্সিং জানান, ২০২২ সালের জন্য মিডিয়াটেক তার ফাউন্ড্রি, ব্যাক-এন্ড প্যাকেজিং এবং সাবস্ট্রেট অংশীদারদের কাছ থেকে বড় ধরনের সমর্থন পেয়েছে। সেই সঙ্গে পরের বছর বাজারজাত পরিস্থিতিও স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
তিনি বলেন, কভিড-১৯ মহামারী পরবর্তী সময়ে বৈশ্বিক অর্থনীতিতে ব্যাপক পরিবর্তন এসেছে। তাই ডিজাইনের জটিল প্রক্রিয়া, ৩ ন্যানোমিটার ও ২ ন্যানোমিটারের চিপ উৎপাদন প্রযুক্তিসহ বেশকিছু বিষয়ে মিডিয়াটেককে সমস্যার মুখোমুখি হতে হবে।










