এক বছর আগে স্ন্যাপড্রাগন ৮ জেন ১ ও ৭ জেন ১ চিপসেট বাজারে উন্মোচন করে কোয়ালকম। ফ্ল্যাগশিপ ও মিডরেঞ্জের জন্য চিপসেট দুটি চালুর পর এবার সাশ্রয়ী মূল্যের বা লো এন্ড স্মার্টফোনের জন্য চিপ তৈরি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠানটি। তাই ধারণা করা হচ্ছে, এর মাধ্যমে এ খাতের নিয়ন্ত্রণও নিজেদের করে নেবে প্রতিষ্ঠানটি। খবর গিজচায়না।

নতুন চিপসেটটি ৪ ন্যানোমিটার প্রসেস নোডের মাধ্যমেই তৈরি করা হবে। সম্প্রতি ইভান ব্লাস স্ন্যাপড্রাগন ৬ জেন ১ মোবাইল প্লাটফর্ম চিপের বিভিন্ন তথ্যসংবলিত একটি পেজ শেয়ার করেছেন। পেজের তথ্যানুযায়ী, কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ সিরিজের চিপসেটটি স্ন্যাপড্রাগন ৬৯৫ চিপসেটের উত্তরসূরি হিসেবে বাজারে আসবে। ৪ ন্যানোমিটার প্রসেস নোডের পাশাপাশি চিপসেটটিতে সর্বোচ্চ ২ দশমিক ২ গিগাহার্টজ গতিসম্পন্ন কোয়ালকমের কায়রো সিপিইউ ব্যবহার করা হবে। একই সঙ্গে ২৭৫০ মেগাহার্টজের ১২ জিবি পর্যন্ত এলপিডিডিআরফাইভ মেমোরি সাপোর্ট করবে।

নতুন চিপসেটটিতে স্ন্যাপড্রাগন এক্স৬২ ফাইভজি বেজব্যান্ড থাকবে, যে কারণে এটি লো এন্ড ক্যাটাগরির ফাইভজি চিপসেট হিসেবে পরিচিতি পাবে। অন্যান্য সংযোগের মধ্যে এতে কোয়ালকমের ফাস্টকানেক্ট ৬৭০০ পরিচালিত ওয়াই-ফাই ৬ই ও ব্লুটুথ ভার্সন ৫.২ থাকবে। এছাড়া চিপসেটটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের পাশাপাশি ফুল এইচডি প্লাস রেজল্যুশনও সাপোর্ট করবে। ফটোগ্রাফির জন্য চিপসেটটি ১৩ মেগাপিক্সেলের ট্রিপল, একটি ২৫ ও ১৬ মেগাপিক্সেল ক্যামেরার কম্বিনেশন অথবা ৪৮ মেগাপিক্সেলের একটি ক্যামেরা পরিচালনায় সহায়তা করবে। ক্যামেরা অংশ সে রকম আকর্ষণীয় ও আধুনিক না হলেও প্রতি সেকেন্ডে ৩০ ফ্রেমের মাধ্যমে ফোরকে এইচডিআর ভিডিও এবং ২৪০ ফ্রেম পার সেকেন্ডে ২৭০ পিক্সেল রেজল্যুশনের স্লো মোশন ভিডিও ধারণ করতে সহায়তা করবে। কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৬ চিপটি কবে নাগাদ বাজারে আনা হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।