চলতি বছর প্রযুক্তি জায়ান্টদের মধ্যে শুধু অ্যাপলই সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালু করেনি। কুপারটিনোভিত্তিক প্রযুক্তি জায়ান্টটির পাশাপাশি স্যামসাংও গ্যালাক্সি ডিভাইসের জন্য এ প্রোগ্রাম চালুর উদ্যোগ নিয়েছে। চলতি গ্রীষ্মেই যুক্তরাষ্ট্রে আইফিক্সিটের সঙ্গে যৌথভাবে এটি চালু করা হবে। খবর দ্য ভার্জ।
সেলফ রিপেয়ার প্রোগ্রাম চালুর আগ পর্যন্ত এ বিষয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যাবে না। তবে গ্রাহকরা রিপেয়ার কার্যক্রমের পর্যায়ক্রমিক অংশ হিসেবে স্মার্টফোনের অফিশিয়াল যন্ত্রাংশ ও রিপেয়ার টুল ব্যবহারের সুযোগ পাবেন। প্রথম পর্যায়ে ব্যাক গ্লাস, চার্জিং পোর্ট ও ডিসপ্লে ইউনিট যুক্ত বা পরিবর্তনের সুবিধা দেয়া হবে।
স্যামসাংয়ের সেলফ রিপেয়ার প্রোগ্রামের মাধ্যমে গ্যালাক্সি এস২০, এস২১, গ্যালাক্সি ট্যাব এসসেভেনপ্লাস লাইনআপের ডিভাইসগুলো মেরামত করা যাবে। তবে এখনই বাজারে সদ্য উন্মুক্ত গ্যালাক্সি এস২২ আল্ট্রা মেরামত করা যাবে না। দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি ধীরে ধীরে আরো ডিভাইসকে রিপেয়ার প্রোগ্রামের আওতায় নিয়ে আসবে এবং ব্যবহারকারীরা ত্রুটিপূর্ণ যন্ত্রাংশের পুনর্ব্যবহার নিশ্চিতে স্যামসাংয়ের কাছে পাঠাতে পারবেন।










