বিশ্বের সবচেয়ে দ্রুততম সময়ে বৈদ্যুতিক গাড়ির চার্জার তৈরি করেছে সুইডেনের বহুজাতিক প্রতিষ্ঠান এবিবি লিমিটেড। মূলত রোবোটিকস, ভারী বৈদ্যুতিক যন্ত্রপাতি ও স্বয়ংক্রিয় পদ্ধতি নিয়ে কাজ করে এ প্রতিষ্ঠানটি। এবার বৈদ্যুতিক গাড়ির জন্য চার্জারও তৈরি করল তারা। খবর টেকজেনিজ।
প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বজুড়ে বাড়ছে বৈদ্যুতিক গাড়ির চাহিদা। সে চাহিদার সঙ্গে পাল্লা দিতেই এ চার্জার বাজারে আনা হয়েছে। তাদের এ চার্জার দিয়ে একই সময়ে চারটি গাড়ি চার্জ দেয়া সম্ভব। এটি যে কোনো বৈদ্যুতিক গাড়িকে মাত্র ১৫ মিনিটে পরিপূর্ণভাবে চার্জ দিতে পারবে। যেহেতু বৈদ্যুতিক গাড়ির গ্রাহকদের সবচেয়ে বড় চিন্তা থাকে চার্জ দেয়ার সময় নিয়ে। তাই সে চিন্তা দূর করতেই বাজারে এসেছে এবিবির এ চার্জার।
যদিও নভেল করোনাভাইরাস সংক্রমণ ও এ-সংক্রান্ত মহামারীর কারণে গত বছর থেকে বিশ্বে উল্লেখযোগ্য হারে গাড়ি বিক্রি কমেছে। কিন্তু এর পরও বিশ্বজুড়ে বৈদ্যুতিক গাড়ির রেজিস্ট্রেশনের পরিমাণ প্রায় ৪১ শতাংশ বেড়েছে। সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে বেড়েছে বৈদ্যুতিক গাড়ির বিক্রি। চলতি বছরের প্রথম তিন মাসে এ গাড়ির বিক্রি বেড়েছে ১৪০ শতাংশ।
বাজারের দিকে লক্ষ্য রেখে এবিবি বাজারে এনেছে তাদের টেরা ৩৬০ মডিউলার চার্জার। চলতি বছরের শেষ নাগাদ ইউরোপের বাজারে সহজলভ্য হবে এ যন্ত্র। এটি দিয়ে মাত্র ৩ মিনিটে ১০০ কিলোমিটার চলার মতো চার্জ দেয়া সম্ভব। যেকোনো মডেলের বৈদ্যুতিক গাড়িকেই এটি চার্জ দিতে পারে। এবিবির লক্ষ্য হলো বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা যেমন—গ্যাস স্টেশন, দোকান, শপিং মল ইত্যাদির কাছে এ যন্ত্রটি বিক্রি করা। তবে এর দাম কত হতে পারে সে সম্পর্কে এখনো কোনো ধারণা দেয়া হয়নি।











