সম্পূর্ণ নতুন আঙ্গিকে গুগল প্লে-স্টোরে শিশুদের বাংলা শেখার অ্যাপ হাতে খড়ি উন্মোচন করেছে ডেভেলপার সূর্যমুখী লিমিটেড। খেলার ছলে এমনকি সাপলুডু খেলার মাধ্যমে শিশুরা অ্যাপ থেকে সহজেই বাংলা শিখতে পারবে।
অ্যান্ড্রয়েড প্লাটফর্মের হাতে খড়ি অ্যাপটি অ্যানিমেশন, ছবি, অডিও ও মজাদার সব খেলার মাধ্যমে শিশুদের বাংলা ভাষা শেখার আগ্রহ বাড়িয়ে তোলে। শুধু শিশুরাই নয়, যে কেউ এটি ব্যবহার করে খুব সহজে বাংলা শিখতে পারবে।
ভাষা শেখাকে আরো সহজ আর প্রাণবন্ত করতে ঢেলে সাজানো হয়েছে হাতে খড়িকে। নতুন আঙ্গিকে সাজানো অ্যাপটিতে মজার মজার গেম যুক্ত হয়েছে, যা শিশুদের খেলার ছলে খুব সহজে বাংলা বর্ণমালা পড়তে, লিখতে ও বলতে শেখাবে।
হাতে খড়ি অ্যাপে মেশিন লার্নিং, কৃত্রিম বুদ্ধিমত্তা ও স্পিচ টু টেক্সটের মতো চতুর্থ শিল্প বিপ্লবের প্রযুক্তিগুলোর নিবিড় সংমিশ্রণ রয়েছে, যার মাধ্যমে শিশুর ভাষা শেখার অভিজ্ঞতা আরো প্রাণবন্ত হয়ে উঠবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এটি ব্যবহারের মাধ্যমে বর্ণপরিচয়, লেখনী, বানান, উচ্চারণ, শব্দ ও বাক্য গঠন শেখা যায়। এ প্রসঙ্গে সূর্যমুখী লিমিটেডের এমডি ও সিইও ফিদা হক বলেন, হাতে খড়ির নতুন ভার্সন শিশুদের বাংলা শেখার বিষয়টি আরো সহজতর করবে। পাশাপাশি শিশুরা খেলার ছলে, আনন্দঘন পরিবেশে বাংলা শিখতে পারবে। এটা বলে রাখা ভালো যে শুধু শিশুরাই নয়, যেকোনো বয়সের মানুষই হাতে খড়ি ব্যবহার করে প্রমিত বাংলা শিখতে পারবেন।










