জুলাই থেকে আগস্টের প্রথম দিক পর্যন্ত যুক্তরাষ্ট্রের কম্পিউটার সিস্টেম থেকে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য চুরির বিষয়টি স্বীকার করেছে স্যামসাং। অজানা এক আক্রমণ প্রতিষ্ঠানের সার্ভার থেকে অভ্যন্তরীণ এসব তথ্য হাতিয়ে নিয়েছে। খবর টেকটাইমস।
স্যামসাংয়ের সাপোর্ট ডকুমেন্টের তথ্যানুযায়ী, জুলাইয়ের শেষে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি জায়ান্টটি সাইবার হামলার শিকার হয়েছে। তবে কে বা কারা এ হামলায় জড়িত সে বিষয়ে কোনো তথ্য বা বিস্তারিত জানা যায়নি। স্যামসাং শুধু জানায়, জুলাইয়ের শেষ থেকে ৪ আগস্টের মধ্যে শনাক্তের আগেই প্রতিষ্ঠানটির কম্পিউটার সিস্টেম আক্রান্ত হওয়ার বিষয়টি তারা জানতে পেরেছে।
স্যামসাং আরো জানায়, অনধিকার প্রবেশের মাধ্যমে গ্রাহক ও ব্যবহারকারীদের ব্যক্তিগত বেশকিছু তথ্যও হাতিয়ে নেয়া হয়েছে। এর মধ্যে নাম, যোগাযোগের তথ্য, ডেমোগ্রাফিকস, জন্মতারিখ ও পণ্যের রেজিস্ট্রেশন তথ্যও ছিল। এসব তথ্য ছাড়া আর কিছু চুরি হয়নি বলে জানিয়েছে স্যামসাং। অর্থাৎ গ্রাহকদের সামাজিক নিরাপত্তা নম্বর, ক্রেডিট ও ডেবিট কার্ডের তথ্য সুরক্ষিত রয়েছে।
তথ্য চুরির এ ঘটনা এখন নিরাপত্তার দিক থেকে স্যামসাংয়ের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া প্রকাশিত প্রতিবেদনে কারা হামলা চালিয়েছে, এর উদ্দেশ্য কী বা কোন তথ্যের জন্য অনুপ্রবেশের ঘটনা ঘটেছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে কতজন গ্রাহক বা ব্যবহারকারী হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সে-সংক্রান্ত কোনো তথ্যও পাওয়া যায়নি। সিনেটের তথ্যানুযায়ী, আক্রমণে ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীদের অবহিত করার জন্য উদ্যোগ হাতে নিয়েছে স্যামসাং। এছাড়া তাদের কোন ধরনের তথ্য চুরি হয়েছে সেটিও জানানো হবে।










