২০২৫ সাল নাগাদ চার থেকে ছয় হাজার ক্ষুদ্র ও মাঝারি আকৃতির প্রতিষ্ঠানকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে ৩০০টি সার্ভিস প্লাটফর্মকে সহায়তা করার কথা জানিয়েছে চীন। সম্প্রতি দেশটির শিল্প, অর্থ ও বাণিজ্য মন্ত্রণালয় এ কথা জানায়।
এক যৌথ বিবৃতিতে মন্ত্রণালয়গুলো জানায়, ২০২২-২৫ সালের মধ্যে ক্ষুদ্র ও মাঝারি আকৃতির ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশনের অন্তর্ভুক্ত করতে স্থানীয় সরকারকে সহযোগিতা করার পরিকল্পনা নিয়েছে কেন্দ্রীয় সরকার। চলতি বছরেই দেশটির কেন্দ্রীয় সরকার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে ডিজিটালাইজেশনের আওতায় আনতে ১০০টি সার্ভিস প্লাটফর্মকে সহায়তা করার পরিকল্পনা হাতে নিয়েছে।
বিবৃতির তথ্যানুযায়ী, প্রতিটি প্লাটফর্ম ১০টি প্রতিষ্ঠানকে ডিজিটালি পরিবর্তনে সহায়তা করবে। সেই সঙ্গে পুরস্কার হিসেবে প্রতিটি প্লাটফর্ম ৮ লাখ ৮৮ হাজার ৩৭৩ ডলারের বেশি পাবে না বলে জানানো হয়। এ প্রকল্পের আওতায় যেসব ব্যবসাপ্রতিষ্ঠান অটোমোবাইল, বৈদ্যুতিক যন্ত্রাংশ, ফার্মাসিউটিক্যাল ও রাসায়নিক পণ্য উৎপাদন বা তৈরি করে তাদের চিহ্নিত করা হয়েছে।
ছোট সংস্থা ও ব্যবসাপ্রতিষ্ঠানগুলো চীনের অর্থনীতির অন্যতম শক্তি এবং এখানে বিপুল কর্মসংস্থানের সুযোগ রয়েছে। তবে তাদের অনেকেই চলতি বছর কভিড-১৯ সংক্রান্ত বিধিনিষেধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছে। ২০২১ সালের শেষ দিকে চীনের সাইবারস্পেস অ্যাডমিনিস্ট্রেশন জানায়, ২০২৫ সাল নাগাদ দেশটি ডিজিটালাইজেশনে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করবে।










